বায়তুল মোকাররমে জানাজা ঘিরে সতর্ক পুলিশ
মানবতাবিরোধী অপরাধে ফাঁসি হওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর জন্য আজ বুধবার দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে গায়েবানা জানাজা পড়বেন দলটির নেতা–কর্মীরা। ইতিমধ্যে মসজিদে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ের কিছু নেতা মসজিদে গেছেন।
জোহরের নামাজের পর এই জানাজা অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার রাতে নিজামীর ফাঁসি কার্যকর হয়। এ নিয়ে জামায়াতের চারজন নেতার ফাঁসি কার্যকর হলো।
জামায়াত ঘোষিত গায়েবানা জানাজার কারণে বায়তুল মোকাররম মসজিদের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।। ঢাকা মহানগর পুলিশের মতিঝিলে বিভাগের উপকমিশনার প্রথম আলোকে বলেন, জামায়াতে ইসলামী মসজিদে গায়েবানা জানাজা কর্মসূচি দিয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন কোনো ধরনের অবনতি না হয়, সে জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।
দুপুর ১২টা থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা–কর্মীদের মসজিদে প্রবেশ করতে দেখা গেছে। আলাপকালে মো. ইব্রাহিম জানালেন, তিনি ৩৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। গায়েবানা জানাজায় অংশ নিতে তিনি এখানে এসেছেন। ইব্রাহিম বলেন, গতকাল রাতে ফাঁসি কার্যকরের পর কেন্দ্র থেকে এই কর্মসূচি এসেছে। এখানে আসার জন্য কেন্দ্র থেকে মহানগরের নেতাদের জানানো হয়েছে।
জামায়াতে ইসলামী প্রেস বিজ্ঞপ্তিতে আজ সারা দেশে গায়েবানা জানাজা কর্মসূচি পালনের কথা বলা হয়েছে। তবে ঢাকায় এই কর্মসূচি কোথায় হবে, সে ব্যাপারে সংবাদ বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।