বায়তুল মোকাররমে নামাজ পড়ালেন মসজিদে নববির খতিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলনে আসা পবিত্র মসজিদে নববির খতিব শায়খ আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম গতকাল শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ পড়ান। পরে তিনি মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করে দোয়া করেন।

মসজিদে নববির খতিবের ইমামতিতে নামাজ পড়তে গতকাল শুক্রবার জুমায় বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। মসজিদের ভেতরে জায়গা না পেয়ে অনেকে রাস্তায় নামাজ আদায় করেন। এ সময় বায়তুল মোকাররম মসজিদের উত্তর পাশের সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। জুমার নামাজ উপলক্ষে মসজিদের সব কটি ফটকসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

সংবাদ সংস্থা বাসস জানায়, মসজিদে নববির খতিব আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম নামাজের আগেই বায়তুল মোকাররম মসজিদে আসেন। এ সময় মসজিদুল হারামের (ক্বাবা শরিফ) খতিব শায়খ মুহাম্মদ বিন নাসের আল খুজাইমসহ ঢাকা সফররত সৌদি প্রতিনিধিদলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জুমার নামাজে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, ধর্মমন্ত্রী মতিউর রহমান, নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সরকারের পদস্থ কর্মকর্তারা অংশ নেন।