বায়না করেই পুলিশ নিয়ে বাড়ি দখল
গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকায় কিছু জমি নিয়ে উচ্চ আদালতে মামলা চলছে। মামলার রায় আসার আগেই বায়নাসূত্রে মালিক দাবি করে জেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতা পুলিশ নিয়ে জমি ও নির্মাণাধীন একটি বাড়ি দখল করেছেন।দত্তপাড়ার হিমারদিঘি এলাকাবাসী ও স্থানীয় সাবেক কাউন্সিলর মো. নুরুল ইসলামের সঙ্গে কথা বলে জানা যায়, হিমারদিঘিতে পৈতৃকসূত্রে ২০ শতাংশ জমির মালিক ছিলেন আবদুল হাই। তিনি সাড়ে ৪ শতাংশ জমি বিক্রি করেন প্রবাসী দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তির কাছে। কিছু জমি বিক্রি করেন আহসান আলীর কাছে। আহসান তা বিক্রি করেন জাকির ও পারুল নামের দুজনের কাছে। ওই দুজনের কাছ থেকে সাড়ে ৭ শতাংশ জমি কেনেন মো. আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি। তিন মাস আগে আনোয়ার বাড়ির নির্মাণকাজ শুরু করে একতলা পর্যন্ত তৈরি করেন।এ দিকে আবদুল হাইয়ের জমিসহ ২৩ শতাংশ জমি মা ও দুই খালার কাছ থেকে খরিদসূত্রে মালিক দাবি করে ঢাকা বিভাগীয় কমিশনারের (রাজস্ব) আদালতে মামলা করেন ভাগনে দারগ আলী। গত বছরের ১ এপ্রিল আদালত দারগ আলীর বিপক্ষে মামলার রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন দারগ আলী। এক বছরেও ওই আপিলের নিষ্পত্তি হয়নি। এ অবস্থায় দারগ আলী ২৩ শতাংশ জমি গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. বিল্লাল হোসেনের কাছে বিক্রির জন্য ৩ এপ্রিল ৪৪ লাখ টাকায় বায়না করেন। ওই দিনই আনোয়ার ও দেলোয়ারের জমিতে ‘বায়না সূত্রে মালিক’ দাবি করে দুটি সাইনবোর্ড লাগিয়ে দেন বিল্লাল। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত আটটার দিকে বিল্লাল টঙ্গী থানার চারজন পুলিশ ও তাঁর লোকজন নিয়ে সীমানাদেয়াল ভেঙে আনোয়ারের বাড়ি ও দেলোয়ারের খালি জমি দখল করেন।স্থানীয় সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম বলেন, দারগ আলী যে জমির মালিকানা দাবি করে স্বেচ্ছাসেবক লীগ নেতার কাছে বিক্রি করেছেন, তা দত্তপাড়ার আলম মার্কেট এলাকায় পড়েছে। ক্রয়সূত্রে ওই জমির বর্তমান মালিক আনোয়ার ও দেলোয়ার।আনোয়ার বলেন, বিল্লাল তাঁর জমি জবরদখল করেছেন। এ ব্যাপারে তিনি উচ্চ আদালতে যাবেন।স্বেচ্ছাসেবক লীগের নেতা বিল্লাল বলেন, ‘আমি আমার বায়না জমিতে সাইনবোর্ড দিয়েছি। এখানে দখলের কিছু নেই।’