শ্রমবাজার নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ মন্ত্রণালয়ের। জবাব দেবে বায়রা
বায়রা ও মন্ত্রণালয় মুখোমুখি
বাংলাদেশ থেকে বিদেশে জনশক্তি রপ্তানির বিষয়টি দেখভাল করে সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আর সরাসরি লোক পাঠিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা। তবে মন্ত্রণালয় ও বায়রা এবার মুখোমুখি।প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, সম্প্রতি গণমাধ্যমে অসত্য, ভিত্তিহীন ও উসকানিমূলক বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে বায়রা। বিশেষ করে মালয়েশিয়ার শ্রমবাজার যেন সরকারিভাবে চালু হতে না পারে, সে জন্য তারা ষড়যন্ত্র করছে। তবে বায়রার অভিযোগ, যারা এই খাতের মূল নিয়ামক, তাদেরই বাদ দেওয়ার চেষ্টা করছে সরকার।মন্ত্রণালয় ও বায়রা সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় থেকে বায়রাকে সতর্ক করে একটি চিঠি দেওয়া হয়েছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব বদিয়ার রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে অভিযোগ করা হয়, ‘বায়রার সার্বিক কর্মকাণ্ডে প্রতীয়মান হয়েছে সংগঠনটি মন্ত্রণালয় ও বিএমইটির (জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের দাঁড় করাচ্ছে।’চিঠিতে বলা হয়, বৈদেশিক শ্রমবাজার সম্প্রসারণ, তাদের সদস্য রিক্রুটিং এজেন্সিগুলোর সার্বিক শৃঙ্খলা আনয়ন ও প্রবাসী শ্রমিকদের কল্যাণে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বায়রা দায়বদ্ধ থাকলেও এযাবৎ তার কোনো প্রতিফলন দৃশ্যমান হয়নি। বায়রার কোনো সদস্য শৃঙ্খলা ভঙ্গ করলেও সরকারের কাছে তা অভিযোগ আকারে না তুলে বরং ‘সরকার বায়রাকে বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করছে না’ বলে গণমাধ্যমকে জানানো হচ্ছে।মন্ত্রণালয়ের সঙ্গে বায়রার প্রতিষ্ঠিত কোনো ‘আচরণবিধি’ আছে কি না, তা-ও জানতে চাওয়া হয় ওই চিঠিতে। এ বিষয়ে বায়রার কাছে কোনো তথ্য আছে কি না, তা লিখিতভাবে জানাতে সাত দিন সময় বেঁধে দিয়েছে মন্ত্রণালয়। সুস্পষ্ট জবাব পাওয়া না গেলে জনশক্তি রপ্তানি সম্পর্কিত যেকোনো বিষয়ে বায়রার পরিবর্তে রিক্রুটিং এজেন্সিগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। বায়রা ও মন্ত্রণালয় সূত্র জানায়, গত পৌনে চার বছর ধরে সৌদি আরব, মালয়েশিয়া ও কুয়েতের শ্রমবাজার বন্ধ। দীর্ঘ কূটনৈতিক যোগাযোগের পরেও বাজারগুলো চালু হয়নি। এ নিয়ে বিভিন্ন সময় বায়রার নেতারা সরকারের সমালোচনা করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। এরই মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজারে সরকারিভাবে লোক পাঠানোর কথা উঠছে। দীর্ঘদিন পর এ বাজার চালু হলেও ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবেন না—এমন খবরে ক্ষুব্ধ জনশক্তি রপ্তানিকারকেরা। গত মঙ্গলবার রাজধানীতে জনশক্তি রপ্তানি নিয়ে এক সভায় ব্যবসায়ীরা এ ব্যাপারে সরাসরি মন্ত্রী, সচিব ও মন্ত্রণালয়ের কঠোর সমালোচনা করেন। মন্ত্রীর বিরুদ্ধে তাঁরা এ ব্যাপারে আন্দোলনেরও ঘোষণা দেন। আর এমন পরিপ্রেক্ষিতেই সরকারের পক্ষ থেকে বায়রাকে চিঠি দেওয়া হলো। জানতে চাইলে বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রণালয় আমাদের যে চিঠি দিয়েছে, আমরা সেই চিঠির জবাব দেব। ১৯৮১ সালের গেজেট, ১৯৯৪, ২০০২ ও ২০০৬ সালসহ সব সরকারি গেজেটেই জনশক্তি রপ্তানি খাতে বায়রার ভূমিকার কথা বলা আছে। কাজেই বায়রাকে পাশ কাটানোর কিছু নেই। বর্তমান অবস্থায় আমাদের করণীয় নিয়ে শনিবার কার্যনির্বাহী কমিটির বৈঠকে বসব। এরপর আমরা আমাদের কর্মসূচির কথা জানাব।’ বায়রাকে হঠাৎ এমন চিঠি দেওয়া প্রসঙ্গে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘২০০৭ ও ২০০৮ সালে বায়রার নানা অনিয়মের কারণে ২০০৯ সালে মালয়েশিয়ার শ্রমবাজারটি বন্ধ হয়ে গেছে। এরপর সরকার দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বাজারটি চালু করার চেষ্টা করছে। মালয়েশিয়া সরকার বলছে, তারা ফের বাজার চালু করবে কিন্তু অনিয়ম দূর করতে সরকারিভাবে লোক পাঠাতে হবে। এ কারণেই ন্যূনতম খরচে সরকারিভাবে (জিটুজি) লোক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এ কারণেই বায়রা ক্ষুব্ধ। তারা আবার এই বাজার বন্ধের জন্য নানা ষড়যন্ত্র করছে। হুমকি দিচ্ছে। এসব পরিপ্রেক্ষিতেই এই চিঠি দেওয়া হয়েছে। তবে সরকার জাতীয় স্বার্থে কোনো অন্যায় আবদারের কাছে মাথা নত করবে না।’