বায়রা-মন্ত্রণালয় কেউ কারও প্রতিপক্ষ নয়: মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ) ও মন্ত্রণালয় কেউ কারও প্রতিপক্ষ নয় বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।মন্ত্রী বলেন, প্রতারণা ও অনিয়ম বন্ধে মালয়েশিয়াই সরকারিভাবে লোক পাঠানোর দাবি করে। তা না করলে মালয়েশিয়ার শ্রমবাজার চালুর কোনো সম্ভাবনাও ছিল না। তাই দুই দেশ সরকারিভাবে (জি টু জি) লোক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।মালয়েশিয়ায় সরকারিভাবে লোক পাঠানো ও অপপ্রচার বন্ধের দাবিতে গত বুধবার বায়রা সংবাদ সম্মেলন করে জনশক্তি রপ্তানি বন্ধের হুমকি দেয়। এ ব্যাপারে মন্ত্রী বলেন, বায়রা জনশক্তি রপ্তানি বন্ধ করে দিক বা অন্য যেকোনো কঠোর কর্মসূচিই দিক না কেন, সরকারের এই সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো সুযোগ নেই। আর কোন পদ্ধতিতে লোক বিদেশে যাবে, সেটি নির্ধারণের দায়িত্ব সরকারের। এটি তাদের বিষয় নয়। মালয়েশিয়ায় লোক পাঠানোর পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, ‘সরকারি তথ্যভান্ডারে নাম নিবন্ধন করতে হবে। কোন জেলা থেকে বেশি লোক যায়, কোন জেলা থেকে কম যায়, সেগুলো সমন্বয় করে সমানুপাতিকভাবে লোক পাঠানো হবে।’মালয়েশিয়া যাওয়ার খরচ সম্পর্কে খন্দকার মোশাররফ বলেন, যদি নিয়োগকর্তা বিমানভাড়া না দেয়, তাহলে ৪০ থেকে ৫০ হাজার টাকা লাগবে। যদি নিয়োগকর্তা বিমানভাড়া দেয়, তাহলে ১৫ থেকে ২০ হাজার টাকায় লোক পাঠানো সম্ভব। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির প্রক্রিয়ায় বায়রার সদস্যদের অন্তর্ভুক্ত করার দাবি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমরা সরকারিভাবে লোক পাঠিয়ে একটি মানদণ্ড ঠিক করতে চাই। পরে দুই দেশ মিলে আমরা তাঁদের অন্তর্ভুক্ত করতে পারি।’ তিনবার আবেদন করার পরও বায়রার নেতাদের সঙ্গে আলোচনায় না বসার দাবি সম্পর্কে মন্ত্রী বলেন, ‘যখন তাঁরা সময় চাইবেন, তখনই সময় দেওয়া সম্ভব নাকি? মন্ত্রীর অনেক কাজ থাকে।’সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামসুন্নাহার ও মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।