বায়রার চাপে নমনীয় না হওয়ার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) চলমান ধর্মঘটকে অযৌক্তিক বলে জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি বায়রার আন্দোলনের চাপে কোনো ধরনের নমনীয় ভাব পোষণ না করে কম টাকায় জনশক্তি রপ্তানির জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে।গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটি আরও বলেছে, বায়রার ধর্মঘট জনশক্তি রপ্তানিতে কোনো প্রভাব ফেলবে না।বৈঠক শেষে কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘সরকার জিটুজি (সরকার থেকে সরকার) পদ্ধতিতে কম খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাচ্ছে। বিশ্বে তো আরও অনেক দেশ আছে, বায়রা সেখানে জনশক্তি রপ্তানির চেষ্টা করছে না কেন?’ তিনি আরও বলেন, বায়রার ধর্মঘটের ফলে জনশক্তি রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না। কম খরচে জনশক্তি রপ্তানি সম্ভব হচ্ছে বলেই সরকারিভাবে মালয়েশিয়ায় লোক পাঠানো হচ্ছে। মালয়েশিয়াও সরকারিভাবে জনশক্তি নিতে আগ্রহ প্রকাশ করেছে।জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে উপেক্ষার অভিযোগ এনে বায়রা গত রোববার ধর্মঘটের ঘোষণা দেয়। বায়রার অভিযোগ, সরকারিভাবে লোক পাঠানোয় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বায়রা এজেন্টদের মাধ্যমে কর্মী পাঠানোর সুযোগ চাইলে প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন তা নাকচ করেন।বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, বিশ্বের ১৫৭টি দেশে বর্তমানে প্রায় ৮৬ লাখ বাংলাদেশি কর্মী কর্মরত আছেন। ২০১২ সালে তাঁদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ১৪ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার।মহাজোট সরকারের আমলে ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত মোট ২১ লাখ ৪৫ হাজার ৮৪৫ জন কর্মী বিদেশে গেছেন। আর বিগত চারদলীয় জোট সরকারের আমলে প্রথম চার বছর তিন মাসে বিদেশে কর্মী পাঠানো হয়েছে ১০ লাখ ৫০ হাজার ৮২৭ জন।বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এ বি এম আবুল কাসেম, মো. শাহাব উদ্দিন, এ এ মারুফ সাকলান, শাহিদা তারেখ।