মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রার) মহাসচিব সংগঠনের স্বার্থবিরোধী কাজ করছেন কি না—তা আইন অনুসারে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনবিষয়ক পরিচালককে বায়রা মহাসচিবের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার রুলসহ এ আদেশ দেন।
মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে একটি সিন্ডিকেট হয়েছে—এমন অভিযোগ তুলে বায়রার তিন সদস্য গত ৮ জানুয়ারি রিটটি করেন। রিটে অভিযোগ করা হয়, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে ১০ জন ব্যবসায়ীর একটি চক্র হয়েছে। এর সঙ্গে বায়রার মহাসচিব জড়িত। এটি বায়রার স্বার্থবিরোধী।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও আইনজীবী মোহাম্মদ সামিউল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।
পরে আইনজীবী সামিউল হক প্রথম আলোকে বলেন, বিদেশে জনশক্তি রপ্তানির জন্য সাত শর বেশি এজেন্সি আছে। এর মধ্যে ১০টি প্রতিষ্ঠানকে নিয়ে সিন্ডিকেট গঠন আইন ও বায়রার স্বার্থ পরিপন্থী—এসব যুক্তিতে রিটটি করা হলে আদালত রুলসহ ওই আদেশ দেন।
রুলে মালয়েশিয়াসহ অন্যান্য দেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে অনুমোদিত সব রিক্রুটিং এজেন্সির জন্য সমান সুযোগ কেন নিশ্চিত করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। সেই সঙ্গে গত বছরের ১০ জুন মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে ১০ জন ব্যবসায়ীদের মধ্যে যে সমঝোতা স্মারক হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিবাদীদের ব্যর্থতা কেন বেআইনি হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয় সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনবিষয়ক পরিচালকসহ বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।