বায়রার সভাপতি ও মহাসচিব জামিন পেয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার সভাপতি ও মহাসচিব উচ্চ আদালত থেকে গতকাল মঙ্গলবার জামিন পেয়েছেন। ১০ এপ্রিল তাঁদের বিরুদ্ধে হত্যার চেষ্টা ও সরকারি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) একজন কর্মকর্তা মামলা করেছিলেন। বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, সংগঠনের সভাপতি ও তিনি আদালত থেকে জামিন পেয়েছেন। এখন সরকার আগ্রহী হলে তাঁরা আলোচনায় বসবেন এবং ধর্মঘট প্রত্যাহার করবেন। বায়রা ৮ এপ্রিল ধর্মঘট শুরু করার এক দিন পর ওই মামলা হয়। সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বায়রার সভাপতি ও মহাসচিবের নেতৃত্বে বিএমইটিতে ভাঙচুর চালানো হয়েছে। জনশক্তি রপ্তানিকারকদের লোকজন এ সময় সরকারি কর্মকর্তাদের হুমকিও দিয়েছেন। সরকারিভাবে বিদেশে কর্মী পাঠানোর নামে বাজার স্থবির করা হচ্ছে—এমন অভিযোগ তুলে জনশক্তি রপ্তানিসংক্রান্ত সব ধরনের সেবা দেওয়া থেকে বিরত রয়েছে বায়রা।