বায়রার সভাপতি ও মহাসচিবের বিরুদ্ধে মামলা
জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বাদী হয়ে রমনা থানায় মামলাটি করেন।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, মামলায় বায়রার সভাপতি শাহজালাল মজুমদার, মহাসচিব আলী হায়দার চৌধুরীসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।রমনা থানার সূত্র জানায়, মামলায় আসামিদের বিরুদ্ধে খুনের চেষ্টা, আঘাত করা, চুরি, অনধিকার প্রবেশসহ দণ্ডবিধির সাতটি ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার বিবরণে বলা হয়েছে, আসামিরা বহির্গমন ছাড়পত্র নিতে আগত ব্যক্তিদের বিএমইটি ভবনে ঢুকতে বাধা দিয়েছেন। সরকারি কর্মকর্তাদের কর্তব্য কাজে বাধার সৃষ্টি করেছেন।মামলার প্রতিক্রিয়ায় আলী হায়দার চৌধুরী বলেন, ‘মামলার খবরটি আমরা জেনেছি। আদালতের শরণাপন্ন হয়ে যা করার করব। তবে সরকার ও মন্ত্রী যা করলেন, তা খুবই দুঃখজনক। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিলাম, শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালন করছিলাম। এই মামলা অনভিপ্রেত।’সরকারিভাবে বিদেশে লোক পাঠানোর নামে শ্রমবাজার স্থবির করা হচ্ছে—এমন অভিযোগ তুলে গত সোমবার থেকে জনশক্তি রপ্তানি-সংক্রান্ত সব ধরনের সেবা প্রদান কার্যক্রম বন্ধ করে দেয় বায়রা।