বায়রার সিদ্ধান্ত জনশক্তি রপ্তানিতে কোনো প্রভাব ফেলবে না: মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে বলে দাবি করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তাঁর মতে, বায়রার এমন সিদ্ধান্ত জনশক্তি রপ্তানি খাতে কোনো প্রভাবই ফেলবে না। গতকাল সোমবার মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন। বায়রার জনশক্তি রপ্তানি কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের এক দিন পরই মন্ত্রী এই সংবাদ সম্মেলন করলেন। গত রোববার রাজধানীর ইস্কাটনে বায়রার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জনশক্তি রপ্তানিসংক্রান্ত সব ধরনের সেবা প্রদান কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেয় সংগঠনটি।মন্ত্রী বলেন, ‘বায়রা বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধিত সংগঠন। তাদের সঙ্গে আমাদের মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আর বায়রা যে দাবি করে তারা বিদেশে লোক পাঠায়, এটিও সত্য নয়। কারণ, বায়রা হচ্ছে রিক্রুটিং এজেন্টদের (নিয়োগকারী সংস্থা) একটি সংগঠন। রিক্রুটিং এজেন্টগুলো আমাদের প্রতিনিধি। কাজেই আমরা যেভাবে বলব, প্রতিনিধিদের সেভাবেই চলতে হবে। তাই বলে তারা আমাদের মাথায় বাড়ি দিতে পারে না।’জনশক্তি রপ্তানি বন্ধের যে সিদ্ধান্ত বায়রা নিয়েছে সেটি অনৈতিক উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘নৈতিক ও সামাজিক কোনোভাবেই তারা এই সিদ্ধান্ত নিতে পারে না। আমরা প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’ খন্দকার মোশাররফ বলেন, ‘বায়রা দাবি করেছে, আমরা মালয়েশিয়ায় লোক পাঠাতে ব্যর্থ হয়েছি। এটি ডাহা মিথ্যা কথা। জি-টু-জি (সরকার থেকে সরকার) যেহেতু দুই দেশের জন্যই নতুন পদ্ধতি, কাজেই এই প্রক্রিয়া শেষ করতে সময় লাগছে।’ চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকেই মালয়েশিয়ায় লোক যাওয়া শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।