বায়ান্ন ও একাত্তরের শহীদদের একুশে পদক উৎসর্গ অধ্যাপক আব্দুল্লাহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ তাঁর একুশে পদক ভাষাশহীদ ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি উৎসর্গ করেছেন।

আজ রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এই ঘোষণা দেন অধ্যাপক আব্দুল্লাহ।

অনুষ্ঠানে অধ্যাপক আব্দুল্লাহ তাঁর সহকর্মী ও শিক্ষার্থীদের সততার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, কাজ করাটাই বড় কথা। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে পুরস্কারের দরকার হয় না। তবে পুরস্কার পেলে ভালো লাগে।

২০১৬ সালে গবেষণায় একুশে পদক পেয়েছেন অধ্যাপক আব্দুল্লাহ। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে সংবর্ধনা দিয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান।