বায়ু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব অনুমোদিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে ৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার একটি বায়ুচালিত বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হবে। এতে ব্যয় হবে ১১৭ কোটি টাকা।গতকাল বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠকে মোট ছয়টি প্রস্তাব অনুমোদিত হয়। এর মধ্যে রয়েছে পদ্মা সেতু প্রকল্পের জাজিরা অংশে নদীর তীর সুরক্ষার জন্য ৫০ কোটি টাকার একটি প্রস্তাব।বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিদ্যুৎ-সংকট নিরসন এবং দ্রুত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ২০১০ সালের বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের আওতায় এ বায়ুচালিত বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে। এতে অর্থায়ন করবে বাংলাদেশের টেলর ইঞ্জিনিয়ারিং এবং যুক্তরাষ্ট্রের পিএইচ কনসালটিং ইনকরপোরেট নামের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান। মন্ত্রী জানান, সরকার এখান থেকে প্রতি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ ১২ সেন্ট (নয় টাকা ৭৮ পয়সা) দরে কিনবে। আগামী ১০ মাসের মধ্যেই কেন্দ্রটি স্থাপনের কাজ শেষ হবে।তবে বাংলাদেশে বায়ুচালিত বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও পরিচালনার সাফল্য নিয়ে অনিশ্চয়তার কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, মৌসুমে পর্যাপ্ত বাতাস পাওয়া গেলেও বেশির ভাগ সময় পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না। তার পরও সরকারের কোনো ব্যয় হবে না বলে অনুমোদন দেওয়া হয়েছে।পদ্মা সেতু প্রকল্পের সরকারি অর্থায়নে বিভিন্ন কাজ অব্যাহত রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এরই অংশ হিসেবে পানি সেচের প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে।