বায়ুদূষণ, প্রভাতী স্টিলকে নয় লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়ুদূষণের দায়ে ঢাকার ডেমরার প্রভাতী স্টিল মিলস লিমিটেডকে নয় লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। ধোঁয়া নিয়ন্ত্রণযন্ত্র না থাকায় কারখানাটি বিপুল পরিমাণ দূষিত ধোঁয়া নির্গত করছিল। গতকাল পরিবেশ অধিদপ্তরের এনফোর্স বিভাগ থেকে এই জরিমানা করা হয়। অভিযানের সময় দেখা যায়, স্টিল কারখানাটিতে ধোঁয়া নিয়ন্ত্রণের জন্য ফিউম এক্সট্রাকশন সিস্টেম নেই। মিলের ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমানকে এ দণ্ড দিয়ে দুই মাসের মধ্যে বায়ুদূষণ নিয়ন্ত্রণকারী আধুনিক প্রযুক্তিভিত্তিক যন্ত্রপাতি স্থাপনের নির্দেশ দেওয়া হয়। পরিচালক এনফোর্সমেন্ট মুনির চৌধুরী বলেন, বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে নির্দেশ পালনে ব্যর্থ হলে মালিকের বিরুদ্ধে মামলা দায়ের ও কারখানার গ্যাস ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। পরিবেশ অধিদপ্তর থেকে জানানো হয়েছে, এ কারখানা থেকে নির্গত ধোঁয়ায় ভারী ধাতব পদার্থ লেড, ক্রোমিয়াম ইত্যাদি থাকে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। দৈনিক ১০ মেট্রিক টন স্টিল উৎপাদন ক্ষমতাসম্পন্ন এ কারখানার পরিবেশ ছাড়পত্রের মেয়াদ আড়াই বছর আগে উত্তীর্ণ হয়ে গেছে। এর আগে ২৩ মে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রিমিয়ার স্টিল মিলকে একই অপরাধে দণ্ডিত করে ১৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।