বায়ুদূষণ রোধে কী পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর ও দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় বায়ুদূষণ রোধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। একই সঙ্গে চার সিটি করপোরেশন এলাকায় বায়ুদূষণ প্রতিরোধে কেন কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দেন আদালত।
চার সপ্তাহের মধ্যে চার সিটি করপোরেশনের মেয়র, স্বরাষ্ট্র ও পরিবেশসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি এ বিষয়ে পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন আদালত।
চার সিটিতে বায়ুদূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী জুলহাস উদ্দিন আহমেদ ও মো. মজিবুর রহমান এই রিট আবেদনটি করেন। আদালতে জুলহাস উদ্দিন নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
রিট আবেদনে বলা হয়, সিটি করপোরেশনের কর্মীরা প্রতিদিন সকাল সাতটা থেকে আটটার মধ্যে অনিয়ন্ত্রিতভাবে রাস্তা ঝাড়ু দেন। এতে বিপুল পরিমাণ ধুলা বাতাসে ছড়িয়ে পড়ে। এ ছাড়া রাস্তার পাশে জড়ো করে রাখা ধুলাবালু ও আবর্জনা যানবাহনের মাধ্যমে বাতাসে ছড়ায়। এসব ধুলা ও আবর্জনা পোড়ানোর ক্ষতিকর ধোঁয়ায় নগরবাসী শ্বাসকষ্টসহ নানা ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন।