বায়ুদূষণের কারণে অকালমৃত্যুতে বাংলাদেশ চতুর্থ
বায়ুদূষণের কারণে অকালমৃত্যুর দিক দিয়ে বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। ২০১০ সালে দেশটিতে এমন মৃত্যুর ঘটনা ঘটেছে প্রায় ৯২ হাজার জনের। এর মধ্যে ঢাকা শহরের বাসিন্দা ১৩ হাজার ১০০ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক নতুন গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবর সিএনএন ও টাইমস অব ইন্ডিয়ার।
প্রতিবেদনটি গত বুধবার বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচার-এ প্রকাশিত হয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশ ও শহরে বায়ুদূষণের কারণে বর্তমানে অকালমৃত্যুর বর্তমান হার এবং ভবিষ্যতে তা কী হারে বাড়তে পারে, তার অনুমান করা হয়েছে।
ডব্লিউএইচওর এই গবেষণায় দেখা গেছে, বায়ুদূষণে অকালমৃত্যুর দিক দিয়ে সবার ওপরে রয়েছে চীন। ২০১০ সালে দেশটিতে এমন মৃত্যুর সংখ্যা ছিল ১৪ লাখ। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ভারত (সাড়ে ছয় লাখ) ও পাকিস্তান (১ লাখ ১০ হাজার)। এরপরের অবস্থানেই বাংলাদেশ। নাইজেরিয়া (৮৯ হাজার ২২ জন) ও রাশিয়া (৬৭ হাজার ১৫২ জন) রয়েছে যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে।
প্রতিবেদনে বলা হয়েছে, বায়ুদূষণের কারণে বিশ্বব্যাপী এখন প্রতিবছর ৩০ লাখ লোকের অকালমৃত্যু হচ্ছে। ২০৫০ সাল নাগাদ প্রতিবছর এ সংখ্যা ৬৬ লাখ ছাড়িয়ে যাবে।
রান্নাবান্না, উষ্ণতা বাড়ানো ও বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্নমানের জ্বালানি ব্যবহারের কারণেই বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া, নেপালসহ এশিয়ার বিভিন্ন জনবহুল দেশে অকালমৃত্যুর ঘটনা বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।