বায়ুদূষণের দায়ে সিমেন্ট কারখানাকে জরিমানা
মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকায় বায়ুদূষণের দায়ে দেশের বৃহৎ সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমআই সিমেন্ট (ক্রাউন সিমেন্ট) কারখানাকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরী গত মঙ্গলবার এই রায় দেন। একই সঙ্গে কারখানার ব্যবস্থাপনা পরিচালককে আগামী সাত দিনের মধ্যে বায়ুদূষণ নিয়ন্ত্রণ করার ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। দণ্ডাদেশপ্রাপ্ত হয়ে কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষে মহাব্যবস্থাপক গোলাম মোহামঞ্চদসহ দুজন কর্মকর্তা পরিবেশ অধিদপ্তরে হাজির হয়ে জরিমানা মওকুফ ও কারখানার ত্রুটি সংশোধনের জন্য এক মাস সময় প্রার্থনা করেন। কারখানা কর্তৃপক্ষের এ আবেদন নাকচ করে পরিবেশ রক্ষার স্বার্থে সব নির্দেশনা পালনের নির্দেশ বহাল রাখা হয়। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, এর আগে গত ১ ফেব্রুয়ারি ও ১৫ এপ্রিল পরিবেশ অধিদপ্তরের বায়ুমান পরীক্ষা কার্যক্রমে এ কারখানায় এসপিএম পাওয়া যায় যথাক্রমে দুই হাজার ৭২৭ মাইক্রোগ্রাম বা ঘনমিটার এবং এক হাজার ১১৩ মাইক্রোগ্রাম বা ঘনমিটার। বায়ুদূষণের এই মাত্রা পরিবেশ সংরক্ষণ আইনে গ্রহণযোগ্য মাত্রার বাইরে। আদর্শ মাত্রা হচ্ছে ৫০০ মাইক্রোগ্রাম বা ঘনমিটার।সূত্র জানায়, সিমেন্ট কারখানার সার্বিক উৎপাদন কার্যক্রমে ব্যাপক বায়ুদূষণ ঘটে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে সিমেন্ট কারখানা লাল শ্রেণীভুক্ত প্রতিষ্ঠান। বায়ুদূষণ নিয়ন্ত্রণে রাখার জন্য সিমেন্ট কারখানায় আবশ্যিকভাবে দূষণনিরোধক যন্ত্রপাতি ব্যবহার বাধ্যতামূলক। কিন্তু ক্রাউন সিমেন্ট কর্তৃপক্ষ পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ায় এটি ঘটে, যা মানবস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ। জীববৈচিত্র্যের ক্ষতিসহ সার্বিক প্রতিবেশের জন্য প্রতিকূল। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (এনফোর্সমেন্ট) মুহামঞ্চদ আবদুল্লাহ আল মামুন দণ্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।