বায়ুদূষণের দায়ে স্টিল মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়ুদূষণের মাধ্যমে জনস্বাস্থ্যের প্রতি হুমকি সৃষ্টির অপরাধে নারায়ণগঞ্জে একটি ইস্পাত কারখানার বিদ্যুৎ ও গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বিচ্ছিন্নকরণ কার্যক্রমের পর কারখানার যন্ত্রপাতি ও মালামাল জব্দ করা হয়েছে।গতকাল রোববার পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরীর নির্দেশে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান আখন্দ, উপপরিচালক আবদুল্লাহ হাক্কানী, নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুল আলম এবং রূপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি), পুলিশ ও রূপগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ ছাড়পত্র ছাড়াই কারখানাটি ২০০৫ সাল থেকে বেআইনিভাবে পরিচালিত হয়ে আসছিল। সাওঘাট ভূলতা এলাকায় অবস্থিত সায়েফ স্টিল মিলস লি. নামের ওই কারখানাটি প্রায় আড়াই লাখ ঘনমিটার কার্বন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড, সিসা ও অন্যান্য ক্ষতিকর ধাতব ও বায়বীয় বর্জ্য নিঃসরণ করে পরিবেশদূষণ ঘটিয়েছে বলে পরিবেশ অধিদপ্তর থেকে জানানো হয়েছে। পরিবেশ অধিদপ্তরের অনুসন্ধানে আরও দেখা গেছে, কারখানাটির বায়ুদূষণের মাত্রা এত ব্যাপক ছিল যে, মহাসড়কে চলাচলকারী যানবাহনের যাত্রী, পথচারী ও কারখানার শ্রমিকেরা প্রচণ্ড স্বাস্থ্যঝুঁকির কবলে পড়ে।