
বাড়িটা যেন তাঁর আর নিজের নেই। পুরোটাই বনসাইয়ের দখলে। দখল নয় তো কী! উঠোন, ছাদ, সিঁড়ি, বারান্দা, বসার ঘর, শোয়ার ঘর, এমনকি ডাইনিং টেবিল—সবখানে বিভিন্ন জাতের একেকটি বিশেষ আকৃতির গাছ। গাছগুলো পরম মমতায় আগলে রাখেন যে মানুষটি, বাড়িটি তাঁরই।
দীর্ঘ ২১ বছর ধরে বনসাইয়ের এই মহল গড়ে তুলেছেন পাবনার কলেজশিক্ষক বায়েজীদ বোস্তামী (৪৪)। বাড়ি চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামে। চাকরির সুবাদে পাবনা শহরের শালগাড়িয়া মহল্লার হাসপাতাল সড়কের এই ভাড়া বাড়িতে থাকেন তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর চাটমোহর মহিলা ডিগ্রি কলেজে শিক্ষকতা শুরু করেন বায়েজীদ বোস্তামী। বর্তমানে চাকরি করছেন সদর উপজেলার দ্বীপচর হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজে।
বায়েজীদ জানান, ছোটবেলা থেকেই তিনি গাছপাগল। বাড়ির সব জায়গা ফুল ও ফলের গাছ লাগিয়ে ভরিয়ে তুলতেন। পুরোনো ভবন ভাঙার সময়, রাস্তায় বা বাড়ি নির্মাণের সময় নষ্ট হতে দেখা গাছ দেখলেই কুড়িয়ে আনতেন। কিন্তু একসময় লক্ষ করলেন, গাছ লাগানোর জায়গা শেষ হয়ে যাচ্ছে।
বায়েজীদ বলতে থাকেন, ‘১৯৯০ সাল। তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি। একটি সাময়িকীতে বনসাই নিয়ে একটি ফিচার পড়ি। মনে হলো এটাই সময়। অল্প জায়গায় অনেক গাছ লাগানোর। একদিন বিকেলে কলেজ থেকে বাড়ি ফিরছিলাম। হঠাৎ সড়কে একটি বটের চারা পড়ে থাকতে দেখলাম। পুরোনো একটি ভবনের ছাদ ভাঙার সময় গাছটি উপড়ে ফেলা হয়েছিল। মায়া লাগল গাছটির জন্য। তুলে নিয়ে বাড়িতে এলাম। ধুয়ে-মুছে রোপণ করলাম একটি ছোট্ট পাত্রে। সেই থেকে আমার শুরু হলো বনসাইয়ের চর্চা। এরপর যেখানে যে গাছটি মরতে বা নষ্ট হতে দেখেছি, তুলে এনেছি।’
শক্ত কাণ্ডবিশিষ্ট গাছকে নান্দনিকভাবে খর্বাকৃতি করার শিল্পকে ‘বনসাই’ বলা হয়। গাছের গড়ন নির্ণয় থেকে শুরু করে এর যত্ন নেওয়া এবং যে পাত্র বা ট্রে বা টবে তা চাষ করা হয়, তা নির্ধারণ, প্রতিস্থাপন—সবই এই শিল্পের অন্তর্ভুক্ত।
বনসাই হয় যেসব গাছের: কাণ্ড মোটা, বছরে একবার পাতা ঝরে, বয়স হলে ছাল মোটা হয়, ঝুরি নামে, শিকড় কেটে দিলে ঝুরিগুলো শিকড়ের কাজ করে—এমন ধরনের গাছ দিয়ে বনসাই হয়।
বনসাই তৈরির পদ্ধতি: বনসাই তৈরিতে বিশেষ পদ্ধতি ব্যবহার করেন বায়েজীদ। কোনো স্থানে পরিত্যক্ত গাছ দেখলেই তা বাড়িতে এনে প্রথমে গাছটির মূল শিকড় কেটে দেন। শেকড় বের হওয়া পর্যন্ত একটি সাধারণ পাত্রে লাল মোটা বালুর মধ্যে রাখেন। শেকড়গুলো বল আকৃতির কুণ্ডলী পাকানো পর্যন্ত আরও কিছুদিন অপেক্ষা করেন। তারপর অপ্রয়োজনীয় ডালগুলো কেটে পছন্দসই একটি পাত্রে মাটি দিয়ে গাছটি লাগান। এবার চাহিদামাফিক সৌন্দর্যবর্ধনের জন্য তামার তার দিয়ে ইচ্ছেমতো ডিজাইনে বেঁধে দেন গাছটিকে।
বায়েজীদ বলেন, বনসাই তৈরির জন্য নির্বাচিত গাছগুলোকে রোদেলা পরিবেশে রাখতে হয়। স্প্রে করে নিয়মিত পানি দিতে হয়। আর সার হিসেবে দিতে হয় গোবর ও খৈলের মিশ্রণ। তিনি বলেন, সবচেয়ে দ্রুত সময়ে বনসাইয়ের আকৃতি পায় বটগাছ।
বর্তমানে বট, পাকুর, হিজল, মহুয়া, মেহেদি, ছোট ছাতিম, বওলা, কাকডুমুর, জবা, পলাশ, কাঞ্চন, রঙ্গন, তেঁতুল, বহেড়া, শ্বেতচন্দন, রক্তজবা, নীল অপরাজিতা, টগর, আমলকী, বাগানবিলাস, ডুরান্ড, ফাইকাস, ব্রায়া, ক্যাসিয়া ও গ্যাবেলিয়া প্রজাতির শতাধিক বনসাই আছে বায়েজীদের কাছে। তিনি বলেন, ‘আসলে এগুলোকে শুধুই বৃক্ষ বললে ভুল হবে। মানুষের মতো গাছেরও চাওয়া-পাওয়া, সুখ-দুঃখ-বেদনার অনুভূতি আছে। চোখের সামনে কোনো গাছ মরছে, তা আমি সইতে পারি না।’ একটি রঙ্গন গাছ ধরে তিনি বলেন, ‘এই গাছটিও আমার কুড়িয়ে পাওয়া। টবসহ আধমরা গাছটিকে ফেলে দিয়েছিল কোনো একজন। আমি সেটা কুড়িয়ে এনে বাঁচিয়েছি।’
গাছের প্রতি বিশেষ টান অনুভব করেন বলেই বনসাই নিয়ে পড়ে আছেন বায়েজীদ। তাঁর স্ত্রী সাবিনা ইয়াছমিনও যেন এই গাছের সঙ্গে নিজের জীবন বেঁধে নিয়েছেন। তাই সংসারের নিত্যদিনের কাজের ফাঁকে সময় বের করে দুজনে মিলে পরিচর্চা করেন ছোট্ট ছোট্ট গাছগুলোকে।