বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কেন অবৈধ নয়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এই রুল দেন। বিটিআরসির চেয়ারম্যান, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোসহ ১৩ বিবাদীকে এক সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২৪ মার্চ দিন নির্ধারণ করেছেন আদালত।
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে আইনজীবী এস এম এনামুল হক ৯ মার্চ এই রিট আবেদন করেন। গতকাল আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান ও মুক্তাদির রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
আদেশের পর মুক্তাদির রহমান সাংবাদিকদের বলেন, গত ১৩ ডিসেম্বর বিটিআরসি জানায়, সব সিম নিবন্ধন, সক্রিয় ও যাচাই করতে আঙুলের ছাপ দিতে হবে। দেশের ছয়টি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটির মালিকানা বিদেশিদের হাতে। দেশের ৯৭ শতাংশ গ্রাহকের নিয়ন্ত্রণ তাঁদের হাতে। এসব তথ্য নিয়ে কীভাবে তা ব্যবহার করা হচ্ছে, এটি জানা নেই। তাই ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কা থেকে এই রিট আবেদন করা হয়েছে।