বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন বৈধ কার্যক্রম চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রম বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আইনজীবীরা বলেছেন, এর ফলে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রম চালিয়ে যেতে কোনো বাধা নেই।
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি করে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ রায় দেন।
তবে আদালত নির্দেশনা দিয়েছেন, সিম নিবন্ধনের ক্ষেত্রে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দেওয়া নির্দেশনাগুলো মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে কঠোরভাবে মেনে চলতে হবে। রায়ে আরও বলা হয়, সিম নিবন্ধনের সময় জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডারের সঙ্গে যাচাই করার জন্য যে গ্রাহকের আঙুলের ছাপ ও ব্যক্তিগত তথ্য নেওয়া হচ্ছে, তার গোপনীয়তা কঠোরভাবে রক্ষা করতে হবে এবং এসব তথ্য যেন অপব্যবহার না হতে পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান, অনীক আর হক ও মুক্তাদির রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী রেজা-ই রাকিব। মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবির পক্ষে ছিলেন আইনজীবী ফাতেমা আনোয়ার।
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম এনামুল হক গত ৯ মার্চ এই রিট করেন। ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কা থেকে রিটটি করা হয়। প্রাথমিক শুনানি শেষে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে ১৪ মার্চ আদালত রুল জারি করেন। বিটিআরসির চেয়ারম্যান, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোসহ ১৩ বিবাদীকে এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। বিবাদীরা রুলের জবাব দিলে রুল শুনানি হয়। গতকাল রায় ঘোষণার মাধ্যমে রিট আবেদনটির চূড়ান্ত নিষ্পত্তি হলো।