বায়োমেট্রিক যন্ত্র ব্যবহার করেন না চিকিৎসকেরা!
রংপুরের বদরগঞ্জ উপজেলার ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের বায়োমেট্রিক যন্ত্রটি দুই বছর ধরে অলস পড়ে আছে। চিকিৎসকদের দৈনন্দিন উপস্থিতি নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এটি দেওয়া হয়। অভিযোগ রয়েছে, হাসপাতালে যথাসময়ে নিজেদের উপস্থিতি ফাঁকি দিতে চিকিৎসকেরা এটি ব্যবহার করছেন না।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতি রোধে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ওই বায়োমেট্রিক যন্ত্রটি ২০১৩ সালের জুনে হাসপাতালের জরুরি বিভাগের একটি কক্ষে বসানো হয়। কর্মরত চিকিৎসকদের হাসপাতালে আসা ও যাওয়ার সময় ওই যন্ত্রে আঙুলের চাপ দেওয়ার নির্দেশনা রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, যন্ত্রটি বসানোর পর চিকিৎসকেরা মাস খানেক তা ব্যবহার করেন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ধরা পড়ার ভয়ে ওই সময় সব চিকিৎসকই হাসপাতালে নিজেদের সময়সূচি মেনে চলতেন। এখন আর যন্ত্রটি ব্যবহৃত হচ্ছে না। সেটি হাসপাতালে অলস পড়ে আছে। তবে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা (টিএইচও) আমিনুল ইসলাম বলেন, যন্ত্রটিতে একটু ত্রুটি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে দুজন চিকিৎসক বলেন, নির্ধারিত কর্মঘণ্টা ফাঁকি দিতেই চিকিৎসকেরা এখন কেউ আর যন্ত্রটিতে আঙুল ছোঁয়ান না। যন্ত্রটি ঠিকই আছে। যন্ত্রটি ব্যবহার করতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) একাধিক চিঠি দিয়েছেন। তবু কাজ হয়নি।
এ ব্যাপারে চিকিৎসক আমিনুল ইসলাম স্বাস্থ্য অধিদপ্তর থেকে একাধিক চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, যন্ত্রটি ব্যবহারে অচিরেই উদ্যোগ নেওয়া হবে।