বায়োমেট্রিক যন্ত্র ভাগাভাগিতে আপত্তি ৩ বড় অপারেটরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঙুলের ছাপ পদ্ধতিতে সিম নিবন্ধনের জন্য এক অপারেটরের কেনা বায়োমেট্রিক যন্ত্র অন্য অপারেটরকে ব্যবহার করতে হলে প্রত্যেক ক্ষেত্রে ৫০ পয়সা করে দিতে হবে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এ বিষয়ে সম্প্রতি একটি নির্দেশনা জারি করেছে। ১৬ ডিসেম্বর থেকে সিম নিবন্ধনে বায়োমেট্রিক পদ্ধতির ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
এই নির্দেশনায় আপত্তি জানিয়ে তিন বড় অপারেটর বলছে, বায়োমেট্রিক যন্ত্র কেনার জন্য তাঁদের কোটি কোটি টাকা খরচ হয়েছে। অন্য অপারেটরদের যন্ত্র ভাড়া দেওয়া হলে তাদের গ্রাহকদের নিবন্ধন বাধাগ্রস্ত হবে, পাশাপাশি আর্থিক ক্ষতি বাড়বে।
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, যেসব মোবাইল অপারেটরের বাজার দখল ১৫ শতাংশের কম, তারা বড় তিন অপারেটরের বায়োমেট্রিক যন্ত্র ব্যবহার করতে পারবে। এ জন্য প্রত্যেকবার তথ্য যাচাইয়ে ব্যবহারকারী অপারেটরকে ৫০ পয়সা যন্ত্র ব্যবহারের মাশুল হিসেবে দিতে হবে।
বাংলাদেশের এখন মোট ছয়টি মোবাইল অপারেটর আছে। এর মধ্যে টেলিটক, এয়ারটেল ও সিটিসেলের বাজার দখল ১৫ শতাংশের কম। নির্দেশনা অনুযায়ী এ তিন অপারেটর বড় তিন অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক ও রবির কেনা বায়োমেট্রিক যন্ত্র ব্যবহার করতে পারবে।

>তিন বড় অপারেটর বলছে, বায়োমেট্রিক যন্ত্র কেনার জন্য তাঁদের কোটি কোটি টাকা খরচ হয়েছে। অন্য অপারেটরদের যন্ত্র ভাড়া দেওয়া হলে তাদের গ্রাহকদের নিবন্ধন বাধাগ্রস্ত হবে, পাশাপাশি আর্থিক ক্ষতি বাড়বে

তিন বড় অপারেটর সূত্রে জানা গেছে, সিম নিবন্ধনের জন্য প্রতিটি বায়োমেট্রিক যন্ত্র কিনতে তাদের খরচ হয়েছে গড়ে ২০ হাজার টাকা। সে হিসেবে এক লাখের বেশি যন্ত্র কিনতে গ্রামীণফোন, রবি, বাংলালিংকের সম্মিলিত খরচ ২০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এখন ছোট অপারেটরদের সঙ্গে ৫০ পয়সায় এসব যন্ত্র ব্যবহার করতে দেওয়া হলে তা বাস্তবসম্মত হবে না।
রবি আজিয়াটার মুখপাত্র ইকরাম কবীর প্রথম আলোকে বলেন, সরকারের এ বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত।
বাংলালিংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘শুধু বায়োমেট্রিক যন্ত্র কিনতেই আমাদের খরচ হয়েছে ৮০ কোটি টাকা। ছোট অপারেটরদের ৫০ পয়সায় এ যন্ত্র ব্যবহার করতে দেওয়া হলে তাদের সব গ্রাহকের নিবন্ধন করতে দেড় কোটি টাকার বেশি খরচ হবে না।’
তিন অপারেটরের পক্ষ থেকে প্রতিটি বায়োমেট্রিক যন্ত্র মাসিক ভিত্তিতে ৬০০ থেকে ৮০০ টাকা হারে ভাড়া দেওয়ার একটি প্রস্তাব বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।