বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াডে জীবনরহস্য নিয়ে মুখর ছিল ছাত্রছাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডুবো তেলে ভাজা মচমচে খাবার কিংবা ঝলসানো খাবার ওজন বাড়াতে পারে, কিন্তু তাতে ক্যানসারও যে হতে পারে, সে তথ্য অনেকেরই অজানা ছিল। তবে একই খাবার নারকেল তেলে ভাজলে ক্ষতি কমে আসে। এটাও অজানা ছিল। গতকাল শনিবার স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের এমন অনেক অজানা বিষয় জানার সুযোগ করে দিয়েছিল ‘তৃতীয় বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ এই অলিম্পিয়াডের আয়োজন করে। আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ছিল ব্র্যাক ব্যাংক। কার্জন হলের মাঠে সকালে শীত উপেক্ষা করে স্কুল ও কলেজের ৬৭৫ জন ছাত্রছাত্রী সমবেত হয়। ঢাকা ছাড়াও ময়মনসিংহ, খুলনা, রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আসে প্রাণরসায়ন নিয়ে আয়োজিত দেশের একমাত্র প্রতিযোগিতামূলক এই উৎসবে। সকালে ১০০ নম্বরের পরীক্ষায় অংশ নিয়ে ছাত্রছাত্রীরা দিনভর জীবনরহস্য নিয়ে আলোচনা, প্রামাণ্যচিত্র, পোস্টার প্রদর্শনী আর বক্তৃতা উপভোগ করে। ছাত্রছাত্রীরা বলে, অংশ নিতে পেরে তারা খুশি। গ্রিন জেমস স্কুলের ছাত্র মতিউর রহমান মাহাদি বলে, সে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখে। ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে ভোর চারটার সময় রওনা দিয়ে অনুষ্ঠানে অংশ নেয় বেশ কিছু ছাত্রছাত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন সহিদ আখতার হুসেন বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিজ্ঞান শিক্ষায় ছাত্রছাত্রীরা আগ্রহ হারাচ্ছে। সবাই ঝুঁকছে ব্যবসায় শিক্ষার দিকে। তিনি বলেন, ‘এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের বলতে চাই, বিজ্ঞানীরা আবিষ্কার বন্ধ করে দিলে ব্যবসাটা কীভাবে হবে?’ প্রাণরসায়ন ও অণুপ্রাণবিদ্যা বিভাগের শিক্ষকেরা বলেন, উন্নত বিশ্ব ‘লাইফ সায়েন্স’ গবেষণা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বাংলাদেশকে জীবনরহস্য উদ্ঘাটনের গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। একই বিভাগের চেয়ারম্যান মামুন রশীদ চৌধুরী বলেন, অলিম্পিয়াডে প্রথম বছর মাত্র ২২০ জন অংশ নিয়েছিল, পরের বছর ৪২০ জন, আর এ বছর ৬৭৫ জন অংশ নেয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতায় সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। বক্তব্য দেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির অন্যতম ব্যবস্থাপক শান্তনু সাহা রায়। অলিম্পিয়াডে স্কুল শাখায় প্রথম স্থান অধিকার করে সানিডেল স্কুলের দেবপ্রিয় বিশ্বাস, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে মাস্টারমাইন্ড স্কুলের সাদাফ মো. হালিম ও সাউথ ব্রিজ স্কুলের শাফিক চৌধুরী। কলেজ শাখায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয়—তিনটি পুরস্কারই জিতে নেয় মাস্টারমাইন্ড স্কুল। গাজী মো. জুনায়েদ হোসেইন প্রথম, সাদমান আহমেদ সিদ্দিকি দ্বিতীয় ও হোসেইন মো. জিহাদ তৃতীয় স্থান অধিকার করে। বিকেলে স্থান অধিকারী প্রত্যেককে পুরস্কার দেওয়া হয়।