বায়োপসি হচ্ছে মুক্তামনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরল চর্মরোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামনির বায়োপসি করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। আজ বুধবার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, আগামী শনিবার বায়োপসি করা হবে। বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য জানান।

সামন্ত লাল সেন বলেন, মুক্তামনির অবস্থা সম্পর্কে আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। বায়োপসি করার বিষয়টি ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও তাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন। এতে পরিবারের সম্মতি নেওয়া হয়েছে।

সাতক্ষীরার কামারবাইশালের মুদির দোকানদার ইব্রাহিম হোসেনের দুই যমজ মেয়ে হীরামনি ও মুক্তামনি। জন্মের দেড় বছর পর থেকে মুক্তামনির সমস্যা শুরু। প্রথমে হাতে টিউমারের মতো হয়। ছয় বছর বয়স পর্যন্ত টিউমারটি তেমন বড় হয়নি। কিন্তু পরে তা ফুলে কোলবালিশের মতো হয়ে যায়। মুক্তামনি বিছানায় বন্দী হয়ে পড়ে। হাতে পুঁজ জমে থাকায় তা থেকে সব সময় দুর্গন্ধ বের হতো। হীরামনি ছাড়া অন্য কোনো শিশু এমনকি বড়রাও কাছে ঘেঁষতেন না।

সাতক্ষীরা, ঢাকাসহ বিভিন্ন জায়গায় নানা চিকিৎসা চলে। তবে ভালো হয়নি বা ভালো হবে, সে কথা কেউ কখনো বলেননি। গণমাধ্যমকর্মীদের মাধ্যমে খবর প্রকাশ, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনায় আসে মুক্তামনির খবর। গত ১১ জুলাই মুক্তাকে ভর্তি করানো হয় বার্ন ইউনিটে। তারপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামনির চিকিৎসার দায়িত্ব নেন।