বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদে কর্মকর্তা-কর্মচারীদের সঠিক সময়ে কার্যালয়ে উপস্থিতি ও কার্যালয় ত্যাগের বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে বায়োমেট্রিক পদ্ধতির হাজিরা চালু করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম তাঁর কার্যালয়ে বায়োমেট্রিক যন্ত্র বসিয়ে ওই পদ্ধতি চালু করেন। এরপর উপজেলা পরিষদ চত্বরে থাকা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা ওই যন্ত্রে আঙুলের ছাপ রেখে নিজ নিজ কার্যালয়ে যান। বিকেলে কার্যালয় ত্যাগ করার সময়ও তাঁরা একই পদ্ধতি ব্যবহার করেন। ইউএনও বলেন, কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিদিন ঠিক সময়ে তাঁদের কার্যালয়ে আসেন কি না এবং ঠিক সময়ে কার্যালয় ত্যাগ করেন কি না তা নিশ্চিত করার লক্ষ্যেই এই পদ্ধতি।