বি এন উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসব
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট বি এন উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসব গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিদ্যালয়সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম অহিদুজ্জামান। বক্তব্য দেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা, কাস্টমস কর্মকর্তা মোহাম্মদ আবু ইউছুফ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম, মেঘনা ব্যাংকের পরিচালক জাহাঙ্গীর আলম মানিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন চৌধুরী প্রমুখ।
উৎসবে প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে শেষে বিদ্যালয়ের সাবেক শিক্ষকদের ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।