বি-বাড়িয়ার স্থলে ‘ব্রাহ্মণবাড়িয়া’ এক বছরেও কার্যকর হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সর্বত্র বি-বাড়িয়ার স্থলে জেলার নাম ‘ব্রাহ্মণবাড়িয়া’ লেখার প্রজ্ঞাপন জারি হওয়ার এক বছর পরেও নবীনগর উপজেলায় ওই নির্দেশ কার্যকর হয়নি। নবীনগরের বিভিন্ন সাইনবোর্ডসহ খোদ উপজেলা পরিষদের প্রধান গেটে এখনো ‘বি-বাড়িয়া’ লেখাই শোভা পাচ্ছে।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত বছরের ২২ মে ও ২৮ জুন জেলা সমন্বয় কমিটির এক সভায় ‘বি.বাড়িয়া’ না লিখে জেলার সর্বত্র ‘ব্রাহ্মণবাড়িয়া’ লেখার সিদ্ধান্ত গৃহীত হয়। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এ-সংক্রান্ত চিঠি দেওয়া হয়। ওই চিঠিতে লেখা হয়, ব্রাহ্মণবাড়িয়ার বদলে বি-বাড়িয়া লেখায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ কার্যক্রম ও ওয়েব পোর্টালসহ জেলার পরিচিতির ক্ষেত্রে নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে। এতে জেলার ঐতিহ্য ও ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে। জেলা প্রশাসক স্বাক্ষরিত ওই চিঠিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। ওই চিঠির অনুলিপি জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরে পাঠানো হয়। কিন্তু গত এক বছরেও নবীনগরে ওই চিঠির নির্দেশ কার্যকর করা হয়নি।জেলা প্রশাসক মো. আবদুল মান্নান প্রথম আলোকে মুঠোফোনে জানান, ‘ইন্টারনেটে ব্রাহ্মণবাড়িয়ার স্থলে বি-বাড়িয়া লিখলে নানা সমস্যা হয়। তাই গত বছর এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নবীনগরে এখনো কেন ওই নির্দেশ কার্যকর হয়নি, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।