বি. চৌধুরীর বাসায় খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে তাঁর বাসায় গিয়ে দেখা করেছেন। আজ মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসায় যান খালেদা জিয়া। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, অসুস্থ বি. চৌধুরীকে দেখতে যান খালেদা জিয়া।

বি. চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, খালেদা জিয়া বি. চৌধুরীর বাসায় প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। দুই নেতা একান্তে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এ সময় বিকল্পধারার মহাসচিব এম এ মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী, ঢাকা মহানগর বিকল্পধারার সভাপতি মাহবুব আলী, প্রবাসীবিষয়ক সম্পাদক মুনিরুল ইসলাম এবং মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা ও সাধারণ সম্পাদক শিরিন সুলতানা উপস্থিত ছিলেন।