বিআইটিতে ১০ শতাংশের বেশি টিউশন ফি আদায়ে নিষেধাজ্ঞা
ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়ালে (বিআইটি) ২০১৬-২০১৭ সালের চেয়ে বার্ষিক ১০ শতাংশের বেশি টিউশন ফি আদায়ের ক্ষেত্রে তিন মাসের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
বিআইটির চার শিক্ষার্থীর অভিভাবকের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন ও মিনহাজুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা।
পরে আইনজীবী এ এম আমিন উদ্দিন প্রথম আলোকে বলেন, বিদেশি কারিকুলামে পরিচালিত বেসরকারি বিদ্যালয় নিবন্ধন বিধিমালা-২০১৭ অনুসারে বার্ষিক ১০ শতাংশের বেশি টিউশন ফিসহ যেকোনো ফি বা চার্জ বাড়ানো যাবে না। ১০ শতাংশ পর্যন্ত বাড়াতে হলেও ব্যবস্থাপনা কমিটির অনুমতি নিতে হবে। ২০১৬-২০১৭ বছরে শিক্ষাপ্রতিষ্ঠানে প্লে-গ্রুপ থেকে কেজি টু পর্যন্ত অন্যান্য চার্জ বাদে মাসিক টিউশন ফি ছিল সাড়ে আট হাজার টাকা, যা ২০১৭-২০১৮ সালে অন্যান্য চার্জসহ ১৪ হাজার টাকা করা হয়। এ ক্ষেত্রে কমিটির অনুমতি নেওয়া হয়নি, যা ওই বিধিমালার পরিপন্থী। এসব যুক্তিতে রিটটি করা হলে আদালত ওই নিষেধাজ্ঞা দেন।
রুলে বিদেশি কারিকুলামে পরিচালিত বেসরকারি বিদ্যালয় নিবন্ধন বিধিমালা-২০১৭ অনুসারে, ব্যবস্থাপনা কমিটির অনুমোদন ছাড়া টিউশন ফিসহ (২০১৭-২০১৮) অন্যান্য চার্জ বাড়ানো কেন বেআইনি হবে না, তা জানতে চাওয়া হয়েছে। শিক্ষাসচিব, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বোর্ডের চেয়ারম্যান ও বিআইটির অধ্যক্ষসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।