নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রয়োজনীয় অনুমতি ছাড়া গাড়ি কেনার বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছে ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়। গত সোমবার মন্ত্রণালয়ের টিএ শাখা এ ব্যাপারে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠায়। অনুমোদন ছাড়া গাড়ি কেনার বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে তাঁকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকারকে লেখা চিঠিতে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের বিষয়টি উল্লেখ করা হয়। গত ২৭ সেপ্টেম্বর প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘সাড়ে ছয় কোটি টাকার গাড়ি অনুমোদন ছাড়া ক্রয়’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল। বিআইডব্লিউটিএ পাঁচটি পাজেরোসহ ১০টি গাড়ি কিনেছে। কিন্তু এর জন্য তারা নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রয়োজনীয় অনুমোদন পায়নি। ছয় কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকার এই গাড়ি উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।