বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তাকে সরানো হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছরের ডিসেম্বরে ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহত হওয়ার ঘটনা ঘটে
ফাইল ছবি

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহত হওয়ার ঘটনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দুই কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

সদরঘাটে দায়িত্ব পালনকারী বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক জয়নুল আবেদিনকে সংস্থার সদর দপ্তরের সচিবালয়ে সংযুক্ত করা হয়েছে।

অন্যদিকে অভিযান-১০ লঞ্চে ত্রুটি নেই বলে এবং কম যাত্রীসংখ্যা দেখিয়ে যাত্রা শুরুর অনুমতি (ভয়েস ডিক্লেয়ারেশন) দেওয়া বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক দীনেশ কুমার সাহাকে পটুয়াখালীতে বদলি করা হয়েছে।
১ ফেব্রুয়ারি এই আদেশ দেওয়া হয়।

আরও পড়ুন

এই ঘটনায় দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে গত ২৭ জানুয়ারি বিআইডব্লিউটিএ ও নৌপরিবহন অধিদপ্তরকে নির্দেশ দিয়েছিল নৌপরিবহন মন্ত্রণালয়।
দাপ্তরিক আদেশ অনুযায়ী, সদরঘাটে জয়নুল আবেদিনের স্থলে বিআইডব্লিউটিএর উপপরিচালক শেখ মো. সেলিম রেজা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

সদরঘাটে দীনেশ কুমার সাহার স্থলে পটুয়াখালী বন্দরের পরিবহন পরিদর্শক জহিরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহত হওয়ার ঘটনায় ৩ জানুয়ারি লঞ্চটির চার মালিক, মাস্টার ও চালকদের দায়ী করে প্রতিবেদন জমা দেয় নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। সদরঘাটে কর্মরত নৌপরিবহন অধিদপ্তর এবং বিআইডব্লিউটিএর কর্মকর্তারা দায়িত্ব পালনে চরম অবহেলা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

গত বছরের ২৩ ডিসেম্বর এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে ৪৭ যাত্রী মারা যায়। ৭২ যাত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। প্রায় ৩০ যাত্রী নিখোঁজ হয়।