বিআইডব্লিউটিএর বহরে যুক্ত হচ্ছে উচ্চক্ষমতার দুটি উদ্ধারকারী জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক দুটি উদ্ধারকারী জাহাজ। গতকাল মঙ্গলবার বন্দরের জেটিতে জাহাজ দুটি ভিড়েছে।জাহাজ দুটি কেনায় ব্যয় হচ্ছে প্রায় ৩০০ কোটি টাকা। দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের যৌথ অর্থায়নে এগুলো কেনা হয়েছে। উদ্ধারকারী জাহাজ দুটির নাম দুরন্ত ও দুর্বার। এগুলোর সঙ্গে রয়েছে উচ্চক্ষমতার ক্রেন প্রত্যয় ও নির্ভীক। দরপত্রের মাধ্যমে জাহাজ দুটি তৈরির জন্য দক্ষিণ কোরিয়ার দাইয়ু কোম্পানির সঙ্গে সংস্থাটির চুক্তি হয় ২০১১ সালের এপ্রিলে।দাইয়ু কোম্পানির দেশীয় প্রতিনিধি জেএসির প্রধান নির্বাহী কর্মকর্তা শিমুল মজুমদার গতকাল প্রথম আলোকে বলেন, জাহাজ দুটি শিগগিরই বিআইডব্লিউটিএর কাছে হস্তান্তর করা হবে। এগুলোর প্রতিটির ক্রেনের উত্তোলনক্ষমতা ২৫০ টন। দুটি ক্রেন একসঙ্গে ৫০০ টন ওজনের জলযান উদ্ধার করতে সক্ষম বলে তিনি জানান। বিআইডব্লিউটিএ সূত্র জানায়, সংস্থার বহরে পুরোনো দুটি উদ্ধারকারী জাহাজ রয়েছে। এগুলো হচ্ছে রুস্তম ও হামজা। ১৯৬৩ সালে হামজা ও ১৯৮৩ সালে রুস্তম যুক্ত হয়েছিল সংস্থার বহরে। কিন্তু পুরোনো জাহাজ দুটির প্রতিটির উত্তোলনক্ষমতা মাত্র ৬০ টন। এ কারণে বড় জাহাজ এবং বেশি গভীরতায় উদ্ধারকাজ চালানো সম্ভব হচ্ছিল না। এরপর দীর্ঘ সময়ে নতুন কোনো উদ্ধারকারী জাহাজ যুক্ত হয়নি।