বিআইডব্লিউটিএর ৮ কর্মকর্তাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিরিক্ত কাজ দেখিয়ে প্রায় চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আট কমকর্তাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মতিঝিল থানায় দুদকের সহকারী পরিচালক মো. আমীরুল ইসলাম এই মামলা করেন।আসামিরা হলেন: বিআইডব্লিউটিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ড্রেজিং বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী এস এম মাশুকুল আলম, নির্বাহী প্রকৌশলী ও সাবেক সহকারী প্রকৌশলী সুলতান আহমেদ খান, সহকারী প্রকৌশলী এ এস এম মাশরেকুল আরেফিন, উপসহকারী প্রকৌশলী মো. জাকির হোসেন, গণেশ চন্দ্র শীল, মো. আবদুল মান্নান ও এ কে মোহাম্মদ আলী, কারিগরি সহকারী মো. ইকবাল হোসেন এবং মেসার্স বঙ্গ ড্রেজার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল লতিফ ও চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।মামলার এজাহারে বলা হয়, বিআইডব্লিউটিএর ওই আট কর্মকর্তা ও ড্রেজিং প্রতিষ্ঠানের দুজন শীর্ষ কর্মকর্তা পরস্পর যোগসাজশে ২০১০-১১ অর্থবছরে মংলার ঘোষিয়াখালী খাল ও কুমারখালী নদীর ঘোষিয়াখালী-বেতবুনিয়া নৌ রুট এবং মাওয়া-চরজানাজাত ফেরিঘাটের ১২টি এলাকায় মোট চার লাখ ৭০ হাজার ২৮৭ দশমিক ৪৩ ঘনমিটার মাটি খনন করেন। কিন্তু ভুয়া হিসাব দেখিয়ে অভিযুক্তরা আট লাখ ৪৭ হাজার ১৮৮ ঘনমিটার মাটি খননের হিসাব জমা দেন।এভাবে অতিরিক্ত তিন লাখ ৭৬ হাজার ৯০০ ঘনমিটার মাটি খননের ভুয়া হিসাব দেখিয়ে অভিযুক্তরা সরকারের তহবিল থেকে মোট তিন কোটি ৯০ লাখ ৫১ হাজার টাকা আত্মসাৎ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। দুদকের প্রাথমিক অনুসন্ধানে এর সঙ্গে অভিযুক্তদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।