বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের নেতা নিখোঁজ
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ওয়ার্কার্স ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাকির হোসেন চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার তাঁর স্ত্রী নারগিছ বেগম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জাকির হোসেন সিদ্ধিরগঞ্জের পানিরকল এলাকার বাসিন্দা। তিনি কালীরবাজার ৮৫ নম্বর সিরাজদ্দৌলা সড়কের বিআইডব্লিউটিসি বহর কার্যালয়ে তৃতীয় শ্রেণির মাস্টার পদে কর্মরত রয়েছেন। গত ৪ জুন দ্বিবার্ষিক-বার্ষিক সম্মেলনে তিনি সংগঠনের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
জিডিতে নারগিছ বেগম উল্লেখ করেন, ২৬ জুন সকাল ১০টার দিকে জাকির হোসেন কর্মস্থলের উদ্দেশে বাসা থেকে বের হন। ওই দিন রাত নয়টা পর্যন্ত তিনি নারায়ণগঞ্জ শহরের ডিআইটি করিম মার্কেটে বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের কার্যালয়ে ছিলেন। পরদিন রাত দুইটার দিকে সর্বশেষ তিনি স্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলেন। এরপর থেকে তাঁর সন্ধান নেই। তাঁর মুঠোফোনটিও বন্ধ রয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।