বিআইডব্লিউটিসির ঈদে বিশেষ সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ঈদে ঘরমুখী মানুষের জন্য বিশেষ কিছু ব্যবস্থা নিয়েছে। ঈদের আগে ও পরে ১২ দিন সংস্থাটি বিশেষ সেবা পরিচালনা করবে।গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিআইডব্লিউটিসি জানিয়েছে, ঢাকা-চাঁদপুর-বরিশাল-হুলারহাট-মোরেলগঞ্জ নৌপথে ২ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তারা ‘ঈদ স্পেশাল সার্ভিস’ পরিচালনা করবে। যাত্রীরা চাইলে বিশেষ সেবা আরও বাড়ানো হবে। সংস্থাটি বলছে, মূল ভূখণ্ড থেকে উপকূলীয় দ্বীপ ও দ্বীপজেলায় জাহাজ ও সি-ট্রাক পরিচালনা করা হবে। উপকূলীয় সার্ভিস চট্টগ্রাম-সন্দ্বীপ-হাতিয়ায় ২ থেকে ১২ নভেম্বর পর্যন্ত নিয়মিত যাত্রার (ট্রিপ) বাইরে বিশেষ সেবা পরিচালনা করবে। এ ছাড়া উপকূলীয় সার্ভিসে বরিশাল-মজুচৌধুরীর হাট, আলেকজান্ডার-মির্জাকালু, মনপুরা-শশীগঞ্জ, হাতিয়া-বয়ারচর (চেয়ারম্যান ঘাট), চরচেঙ্গা-বয়ারচর (চেয়ারম্যান ঘাট) এবং ইলিশা-মজুচৌধুরীর হাটের মধ্যে সি-ট্রাকগুলো নিয়মিত চলাচলের পাশাপাশি বিশেষ সেবা পরিচালনা করা হবে। বিআইডব্লিউটিসি পাটুরিয়া-দৌলতদিয়া, মাওয়া-চরজানাজাত, কাওরাকান্দি-মঙ্গলমাঝি, চাঁদপুর-শরীয়তপুর, ভোলা-লক্ষ্মীপুর, ভেদুরিয়া-লাহারহাট ফেরি চলাচলে নিয়মিত যাত্রার বাইরে প্রয়োজনে অতিরিক্ত ব্যবস্থা নেবে। এ ছাড়া ঈদের দিনেও নিয়মিত ফেরি চালু থাকবে।