বিআইডব্লিউটিসির ঈদের বিশেষ সার্ভিস শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল—ঢাকা নৌপথে ঈদের বিশেষ সার্ভিস শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। ঈদের আগে শুরু হওয়া ওই বিশেষ সার্ভিস ঈদের পর ২৭ জুলাই পর্যন্ত চালু থাকবে।
গতকাল মঙ্গলবার ঢাকা নৌবন্দর থেকে বিশেষ ওই সার্ভিস শুরু হয়েছে।
বিআইডব্লিউটিসি বরিশাল কার্যালয়ের উপমহাব্যবস্থাপক গোপাল চন্দ্র মজুমদার জানান, গতকাল ঢাকা নৌবন্দর থেকে এমভি বাঙালি সন্ধ্যা সাড়ে ছয়টায় এবং পিএস মাসুদ সন্ধ্যা সাতটায় ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে যাত্রা করেছে। জাহাজ দুটি বরিশাল হয়ে মোরেলগঞ্জ পর্যন্ত যাবে। এ ছাড়া বিকেল পাঁচটায় এমভি শেলা চাঁদপুর থেকে যাত্রী নিয়ে রওনা হয়েছে।
বিআইডব্লিউটিসি কার্যালয় জানায়, এমভি মধুমতি আজ (বুধবার) ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশাল এবং মোরেলগঞ্জ পর্যন্ত চলাচল করবে। এ ছাড়া নিয়মিত জাহাজের মধ্যে এমভি বাঙালি, পিএস লেপচা, পিএস মাসুদ, পিএস অস্ট্রিচ, পিএস টার্ন এবং এমভি শেলা যাত্রী পরিবহন করবে। জাহাজগুলোর মধ্যে এমভি বাঙালি সরাসরি বরিশাল-ঢাকা, এমভি শেলা চাঁদপুর-বরিশাল এবং বাকিগুলো ঢাকা-বরিশাল-মোরেলগঞ্জ পর্যন্ত চলাচল করবে।
বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এবার ঢাকা-বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিশেষ সেবায় সাতটি জাহাজ থাকবে। ঈদে যাত্রী দুর্ভোগ অনেকটা লাঘব হবে।’
এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ যাত্রী পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি এবং সুন্দরবন নেভিগেশন কোম্পানির মালিক সাইদুর রহমান বলেন, আজ (বুধবার) থেকে বরিশাল-ঢাকা নৌপথে ১২টি লঞ্চ প্রতিদিন যাত্রী পরিবহন করবে।