সন্দ্বীপ-হাতিয়া নৌপথে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দুটি জাহাজের মধ্যে এখন একটিমাত্র জাহাজ দিয়েই চলছে যাত্রী পরিবহন। বিকল্প ব্যবস্থা না করেই আরেকটিকে মেরামতের জন্য ডকে পাঠানো হয়েছে। ফলে যাত্রীদের ভোগান্তি বেড়েছে সীমাহীন। এতে সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে এখন তিন দিন করে যাত্রী পরিবহন চলছে। বিআইডব্লিউটিসি সূত্র জানায়, নৌপথে চলাচলকারী দুটি জাহাজ হচ্ছে এমভি মনিরুল হক ও এমভি আবদুল মতিন। মনিরুল হককে গত সোমবার কর্ণফুলী ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের সদরঘাট লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, অনেক যাত্রী ঘাট থেকে ফেরত যাচ্ছেন। আরিফুল হক নামে এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হঠাৎ করে বিকল্প কোনো ব্যবস্থা না করে একটি জাহাজ মেরামতে পাঠিয়ে আমাদের ভোগান্তি বাড়ানো হল। এখানে এসে শুনি আজ কোনো জাহাজ চলাচল করবে না। যাত্রার সূচি পরিবর্তন হয়েছে।’বিআইডব্লিউটিসি চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের হাতে আপাতত বিকল্প কোনো জাহাজ না থাকায় একটি জাহাজ দিয়ে কাজ চালাতে হচ্ছে। ফলে সন্দ্বীপ-হাতিয়া নৌপথে সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে তিন দিন যাত্রী চলাচলের ব্যবস্থা রেখেছি।’বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন এমভি আবদুল মতিন ও এমভি মনিরুল হক নামে দুটি জাহাজ জোড়াতালি দিয়ে চালানো হচ্ছিল। গত কোরবানির ঈদের সময় এ দুটি জাহাজ বিকল হয়ে পড়ে পর্যায়ক্রমে। এ নৌপথে চলাচলকারী অপর দুটি জাহাজ এমভি আলাউদ্দিন ও বার-আউলিয়া দীর্ঘদিন ধরে বিকল রয়েছে।মনিরুল হক ও আবদুল মতিনের প্রতিটিতে প্রায় ৩০০ জন যাত্রী পরিবহন ক্ষমতা রয়েছে। কিন্তু প্রতিবার প্রায় এক হাজারের মতো যাত্রী চলাচল করত। জানা গেছে, এমভি মনিরুল হক মেরামত হতে প্রায় এক মাস সময় লাগবে। সন্দ্বীপ-হাতিয়া নৌপথে শনি, সোম, মঙ্গল, বুধবার ও বৃহস্পতিবারসহ সপ্তাহে পাঁচ দিন জাহাজ চলাচল করে। এখন শুধু শনি, সোম ও বুধবার একটি মাত্র জাহাজ চলাচল করবে।