ভোলার ইলিশা ফেরিঘাটে আটকে থাকা দুই শতাধিক ট্রাকের চালক গতকাল রোববার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) জেলা কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন। ফেরি-সংকটের সমাধান ও ঘাট সংস্কারের দাবিতে তরমুজ ও কাঁচামাল পরিবহনের চালকেরা এ বিক্ষোভ করেন।
ইলিশা পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, বেলা ১১টার দিকে বিক্ষোভ শুরু হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভোলা ফেরিঘাটের ব্যবস্থাপক আবু আলম হাওলাদার বলেন, ‘ভোলার ইলিশা-লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট নৌপথে চারটি ফেরি দরকার। এত দিন ছিল তিনটি। গত বৃহস্পতিবার এর একটি সরিয়ে চাঁদপুরে নেওয়া হয়েছে। বাকি দুটির একটি শনিবার বিকল হয়ে ডকইয়ার্ডে আছে। এখন কনকচাঁপা নামের একটি ফেরি একবারে মাত্র ১২টি গাড়ি পার করছে। তার ওপর ঘাট বিকল হয়ে রয়েছে। ফলে ভাটার সময় ঘাটে পণ্যবাহী ট্রাক ওঠা-নামা করা যাচ্ছে না। অনেক দিন ধরে ঘাট সরিয়ে নেওয়ার দাবি জানানো হলেও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নতুন ঘাট নির্মাণ করছে না। এসব কারণে ইলিশা-লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট—এই দুই ঘাটে প্রায় ৩১০টি গাড়ি আটকে আছে। ট্রাকচালকেরা বিক্ষোভ করছেন। ফেরি না থাকলে কীভাবে গাড়ি পার করব!’
বৃহস্পতিবার থেকে ইলিশা ঘাটে আটকে আছেন তরমুজবাহী ট্রাকের চালক জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, একেকটি ট্রাকে ৪-৫ লাখ টাকার তরমুজ রয়েছে। সেই হিসাবে ১৫০টি ট্রাকে ৯-১০ কোটি টাকার তরমুজ রয়েছে। এসব তরমুজের মালিক সাধারণ কৃষক। ফেরি-সংকটের পাশাপাশি ফেরির চালকদের অলসতার কারণে দ্রুত যান পারাপার করা সম্ভব হচ্ছে না। ঘাটে রয়েছে চাঁদাবাজি। ফেরিতে আগে ওঠার জন্য চাঁদাও দিতে হচ্ছে।
কমপক্ষে ৫০ জন চালক বলেন, ফেরি-সংকট রাখলে চাঁদাবাজি করতে সুবিধা হয়। এ কারণে ভোলার ইলিশা ও লক্ষ্মীপুর ফেরিঘাটে কয়েক শ যানবাহন দিনের পর দিন আটকে থাকছে। বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ নজর না দেওয়ায় এ নৌপথটি অবহেলিতই রয়েছে। এ জন্য চালকেরা বিক্ষোভ করছেন।
বিআইডব্লিউটিসির (ফেরি) মহাব্যবস্থাপক (জিএম) শাহাদাত আলী বলেন, আরেকটি ফেরির ব্যবস্থা করা হচ্ছে।