বিআইডব্লিউটিসির বিশেষ ঈদ সার্ভিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২২ জুন থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দক্ষিণাঞ্চলের নৌপথগুলোতে বিশেষ ঈদ সার্ভিস শুরু করবে।

বিআইডব্লিউটিসি ১৫ জুন থেকে অনলাইনে আগাম টিকিটের জন্য যাত্রীদের আবেদন নেওয়া শুরু করে। ২২ জুন থেকে বিশেষ সার্ভিস শুরুর দিনই আবেদনকারী যাত্রীদের টিকিট বিতরণ শুরু হবে। এবারের ঈদে রাষ্ট্রীয় নৌপরিবহন সংস্থার মোট ছয়টি নৌযান ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন পথে যাত্রী পরিবহন করবে বলে জানিয়েছে সংস্থাটির কর্মকর্তারা।

সংস্থার বরিশাল কার্যালয় সূত্র জানায়, ঢাকা-বরিশাল ও ঢাকা-বরিশাল-মোরেলগঞ্জপথে বিআইডব্লিউটিসির নিয়মিত চারটি নৌযান যাত্রী পরিবহন করে। ঈদ উপলক্ষে এই পথে অতিরিক্ত আরও দুটি নৌযান যুক্ত হবে। দুটি পথে মোট ছয়টি নৌযান যাত্রী পরিবহন করবে। এসব নৌযান হলো পিএস মাহ্সুদ, পিএস অস্ট্রিচ, পিএস লেপচা, পিএস টার্ন, এমভি মধুমতি এবং এমভি বাঙ্গালী। ঢাকা-বরিশাল এবং ঢাকা-বরিশাল-মোরেলগঞ্জ রুটে চলাচল করবে এসব নৌযান।

ঈদ স্পেশাল সার্ভিসের টিকিট বিষয়ে জানতে চাইলে বরিশাল কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, ‘১৫ জুন থেকে অনলাইনের মাধ্যমে অগ্রিম টিকিটের আবেদন নেওয়া শুরু হয়েছে।’

আবুল কালাম আজাদ আরও জানান, ‘ঈদে সংস্থার নিয়মিত চারটি জাহাজের পাশাপাশি আরও দুটি জাহাজ বিশেষ সার্ভিস দেবে। ২২ জুন থেকে শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি। ওই দিন থেকেই ঈদের বিশেষ সার্ভিসও শুরু করবে বিআইডব্লিউটিসি।’ ঈদে ঘরমুখী মানুষের চাপ সামাল দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।