বিআরটিএ এলাকায় অভিযান, ১১ দালালের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয় এলাকায় অভিযান চালিয়ে ১১ জন দালালকে কারাদণ্ড দিয়েছেন বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সকালে ওই অভিযান চালানো হয়।

বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) নাজমুল আহসান মজুমদারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই ১১ দালালের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড এবং এর মধ্যে পাঁচজনকে কারাদণ্ডের সঙ্গে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুস সালাম ও মো. মুনিবুর রহমানের নেতৃত্বে দুটি ভ্রাম্যমাণ আদালত বিআরটিএ, ঢাকা মেট্রো সার্কেল-১, মিরপুর-১৩ এলাকায় অভিযান চালায়। অভিযানে সাজু (২৬), হাসান (১৯), হায়দার (২০), নুর আলম (৩০), দুখু মিয়া (২২), জামাল হোসেন (৪৬), লাভলু ফকির (২৬), সাব্বির হোসেন মণ্ডল (১৯), শাহা আলম (১৯, ইব্রাহিম (২৫) ও রানা (২৪) নামের ১১ দালালকে সাজা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট জোহরা খাতুন ও সুজিত হাওলাদারের নেতৃত্বে আরও দুটি ভ্রাম্যমাণ আদালত রাজধানীর আরামবাগ ও মানিক নগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ৬০টি মামলায় ৮৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং ১২ জনকে কারাদণ্ড এবং দুটি গাড়ি ডাম্পিং স্টেশনে পাঠানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত নভেম্বরে মোট ১ হাজার ৩৭৩টি মামলায় ২০ লাখ ৪৮ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় এবং ৫৭ জন চালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।