বিআরটিএ ও পাসপোর্ট কার্যালয়ে অভিযান, দুই দালালের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও পাসপোর্ট কার্যালয় চত্বরে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে যশোর জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মিনহাজুর রহমানের নেতৃত্বে এ অভিযান চলে।

সাজাপ্রাপ্তরা হলেন মো. আলী (৪০) ও সবুজ কাজী (২২)। তাঁদের বাড়ি যশোর শহরে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দুপুরে বিআরটিএ কার্যালয়ের সামনে অভিযানে প্রথমে মো. আলীকে আটক করা হয়। এ সময় তিনি গাড়ির লাইসেন্স করতে যাওয়া মানুষের কাছ থেকে টাকা নিয়ে কার্যালয়ের কর্মকর্তাদের কাছে গিয়ে তদবিরের চেষ্টা করছিলেন। অপরদিকে, পাসপোর্ট কার্যালয়ে অভিযান চালিয়ে সবুজ কাজীকে আটক করা হয়। তিনিও একইভাবে পাসপোর্ট করে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিচ্ছিলেন।

নির্বাহী হাকিম মিনহাজুর রহমান বলেন, ওই দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।