বিআরটিএ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, একজন গ্রেপ্তার
লক্ষ্মীপুরে বিআরটিএর কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। গতকাল সোমবার তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, সাইফুল সদর উপজেলার পার্বতীনগর এলাকার বাসিন্দা। তিনি কয়েক মাস যাবৎ নিজেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহকারী পরিচালক পরিচয় দিয়ে আসছিলেন। এ পরিচয়ে তিনি প্রতারণার মাধ্যমে বিপুল অঙ্কের টাকাও হাতিয়ে নেন। এ বিষয়ে জেলা প্রশাসক কয়েকজনের কাছ থেকে অভিযোগ পান। পরে তাঁর নির্দেশে গত রোববার বিকেলে পুলিশ কালেক্টরেট ভবন এলাকা থেকে সাইফুলকে আটক করে।
সূত্র আরও জানায়, ১৯৯৭ সালে তৎকালীন জেলা প্রশাসক একই সঙ্গে নোয়াখালী ও লক্ষ্মীপুরের দায়িত্ব পালন করতেন। এ সময় তিনি কাজ সামাল দিতে সাইফুলকে অনানুষ্ঠানিকভাবে অফিস সহকারী হিসেবে বসান। সাইফুল দীর্ঘদীন ধরেই বিআরটিএতে গাড়ির নিবন্ধন প্রদান ও নবায়নের কাজ করে গাড়ির চালক ও মালিকের কাছ থেকে অবৈধভাবে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন।
জেলা প্রশাসক টিপু সুলতান বলেন, সাইফুলের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। প্রতারণার অভিযোগে তাঁকে পুলিশে দেওয়া হয়েছে।