সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, আইনকানুন না মেনে গাড়ি চালানো হয় বলেই দিন দিন দুর্ঘটনা বেড়ে যাচ্ছে।সড়ক পরিবহন নিয়ন্ত্রণকারী সংস্থা বিআরটিএকে এসব অনিয়ম খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন প্রধানমন্ত্রী।সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চালকেরা অনেকে আইনকানুন না জেনেই গাড়ি চালায়। অনেকের লাইসেন্সও বৈধ নয়। এসব অনিয়মের কারণেই দুর্ঘটনা বাড়ছে।বৈঠকের শুরুতে শনিবার দুর্ঘটনায় নিহত দুই উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা রাজিয়া বেগম ও সিদ্দিকুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। পরে রাজিয়া বেগমের পরিবারকে ২০ লাখ এবং সিদ্দিকুর রহমানের পরিবারকে ৩০ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।গত শনিবার মানিকগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় মহিলা ও শিশুবিষয়ক ভারপ্রাপ্ত সচিব রাজিয়া বেগম এবং বিসিক চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. সিদ্দিকুর রহমান প্রাণ হারান। তাঁদের জিপের সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল।বিক্রির উদ্দেশে নদী থেকে বালু তোলা যাবে না: প্রেস সচিব আরও জানান, বৈঠকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্রমতে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী বিক্রির উদ্দেশ্যে কোনো উন্মুক্ত স্থান, চা-বাগানের ছড়া বা নদীর তলা থেকে বালু বা মাটি তোলা যাবে না। কোনো বালুমহালে উত্তোলনযোগ্য বালু বা মাটি আর না থাকলে বা তা উত্তোলনের ফলে পরিবেশ ও প্রতিবেশ বিনষ্ট বা সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত বা জনস্বার্থ বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলে জেলা প্রশাসক বিভাগীয় কমিশনারের কাছে বালুমহাল বিলুপ্ত করার প্রস্তাব দিতে পারবেন।এ ছাড়া কোনো বালুমহাল ইজারা দেওয়া না হয়ে থাকলে সেই মহাল থেকে এ আইনের অধীন ইজারা দেওয়া ছাড়া অন্য কোনো পদ্ধতিতে বালু বা মাটি উত্তোলন, পরিবহন, বিপণন ও সরবরাহ করা যাবে না।বৈঠকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতায় ‘আইসিটি ক্যাপাসিটি ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড’ গঠনের প্রস্তাব উপস্থাপন করা হয়। এটি আরও পরীক্ষা-নিরীক্ষা করে মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে উত্থাপনের নির্দেশ দেওয়া হয়।