বিআরটিএতে দালাল চোরদের স্থান নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে দালাল ও চোরদের স্থান নেই। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়ারে বিআরটিএ কার্যালয় পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ইকুরিয়ার বিআরটিএ কর্মকর্তা কেশব কুমার দাস ও অফিস সহকারী আরিফ হোসেনকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন। মোটরযান পরিদর্শক ওয়াজেদ মিয়া ও মো. জয়নালকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘আল্লাহর নামে শপথ নিয়ে ভালো হয়ে যাও। এক মাস সময় দিলাম, দুর্নীতি ছেড়ে দাও।’
ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, বিআরটিএতে বেশ কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা রয়েছে। ধীরে ধীরে তাঁদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
কেরানীগঞ্জের কদমতলীতে ব্যাটারিচালিত রিকশা চালককে সতর্ক করে মন্ত্রী বলেন, ‘আবার যদি রাস্তায় এসব দেখি, তবে পুড়িয়ে দেব।’
বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুতে যানজট ও চাঁদাবাজি যেন না হয়, সে বিষয়ে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী।