বিআরটিএতে দুই দালালের দণ্ড
প্রতারণার দায়ে রাজধানীর মিরপুরের বিআরটিএ কার্যালয়ে আটক দুজনকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে র্যাব-৪-এর একটি দল ওই দুই ব্যক্তিকে আটক করে।র্যাব-৪-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক নুরুল আমিন জানান, দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন তুষার আহমেদ ও মো. আরিফ। এঁদের মধ্যে তুষার একটি গাড়ির ফিটনেস ও মালিকানা বদলের জন্য একজনের কাছ থেকে ১০ হাজার টাকা এবং আরিফ মালিকানা বদলের জন্য আরেকজনের কাছ থেকে ১২ হাজার টাকা নেন। কিন্তু কাজের জন্য তাঁরা পর পর কয়েকটি তারিখ দিয়ে ঘোরালে সংশ্লিষ্ট গাড়ির মালিকেরা বিআরটিএর কাছে বিষয়টি জানান। এরপর বিআরটিএ তা র্যাবকে জানায়। র্যাব-৪-এর মেজর খন্দকার গোলাম সারোয়ারের নেতৃত্বে একটি দল চিহ্নিত দালাল তুষার ও আরিফকে ধরে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। ম্যাজিস্ট্রেট তোফায়েল ইসলাম তাঁদের চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ঘটনার শিকার দুজনের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিতে নির্দেশ দেন।