বিআরটিএতে দুর্নীতি আছে: দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয় পরিদর্শন শেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাছির বলেছেন, বিআরটিএতে দুর্নীতি আছে।
গতকাল দুপুরে মিরপুরের বিআরটিএ কার্যালয় পরিদর্শনে আসে চার সদস্যের দুদক দল। দলনেতা এনামুল বাছির সাংবাদিকদের বলেন, ‘আমাদের কাছে বেশ কিছু অভিযোগ এসেছে। এখন প্রাথমিক পরিদর্শন করা হচ্ছে। এরপর এখানে ঝটিকা অভিযান চালানো হবে।’ পরিদর্শনকালে দুদকের দলটি সেবাগ্রহীতাদের সঙ্গেও কথা বলে। এ সময় কয়েকজন ভুক্তভোগী দুদকের কাছে তাঁদের ভোগান্তি নিয়ে অভিযোগও করেন।
দুদকের পরিচালক বলেন, ‘বিআরটিএর দুর্নীতির তথ্য পেয়েই আমরা এখানে সশরীরে দেখতে এসেছি। আমাদের এবং মিডিয়ার উপস্থিতির কারণে মানুষের উপস্থিতি একটু কম। বিআরটিএও সবকিছু বেশ গুছিয়ে রেখেছে। আজ আমরা প্রাথমিকভাবে দেখেছি। এ ব্যাপারে পরে আরও ভালোভাবে খতিয়ে দেখা হবে।’ বিআরটিএর পরিচালক নাজমুল আহসান মজুমদার বলেন, বিআরটিএতে কিছুটা ত্রুটি আছে, কিন্তু দুর্নীতির তেমন কোনো কিছু এখনো ধরা পড়েনি। দুদক এখানে পরিদর্শন করেছে। কোনো দুর্নীতি পেলে তারা এ বিষয়ে একটি প্রতিবেদন জমা দেবে। তারপর অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে দুদকের চার সদস্যের দলটি এলেনবাড়িতে বিআরটিএর সদর দপ্তর পরিদর্শন করে। সেখানেও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
এর আগে সোমবার বাংলাদেশ বিমান, ঢাকা ওয়াসা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, চট্টগ্রাম কাস্টমস হাউস ও চট্টগ্রাম বন্দর পরিদর্শন করে দুদকের পাঁচটি দল।