বিআরটিএর অভিযান, সড়কে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযানের অংশ হিসেবে রাজধানীর বাংলামোটর মোড়ে পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। সেখানে একের পর এক যানবাহন থামানো হচ্ছে। এতে যানবাহনের গতি কমে যানজট দেখা দিয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নেতৃত্বে আজ বুধবার বেলা ১১টার দিকে বাংলামোটর মোড়ে এই অভিযান শুরু হয়। ট্রাফিক পুলিশের এক কর্মকর্তার ভাষ্য, অভিযানের কারণে দুপুর ১২টা নাগাদ বাংলামোটর থেকে যানজট গিয়ে ঠেকেছে মহাখালী উড়ালসেতু ছাড়িয়ে বনানীর সৈনিক ক্লাব পর্যন্ত।
বাংলামোটর মোড়ে বসা ভ্রাম্যমাণ আদালত এই এক ঘণ্টায় মাত্র তি​ন-চারটি বাসকে জরিমানা করেছেন। আদায় করা হয়েছে দুই হাজার ৭০০ টাকা।
যানজটে ভোগান্তির শিকার হওয়া যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। ইটিসি পরিবহনের যাত্রী মিজানুর রহমান বলেন, ‘রাস্তার মাঝখানে বাস আটকালে আমাদের কষ্ট হয়। যেখান থেকে বাসগুলো যাত্রা শুরু করে, ওই সব স্থানে আদালত বসানো হলে যাত্রীরা দুর্ভোগ থেকে রেহাই পেত।’
এ ব্যাপারে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট দেবাশীষ নাগ বলেন,‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্থান নির্ধারণ করে অভিযান পরিচালিত হচ্ছে।’
বাংলামোটর এলাকায় আজ ভ্রাম্যমাণ আদালত বসানোর মাত্র ১০ মিনিট আগে ট্রাফিক বিভাগকে তা জানানো হয়েছে বলে দাবি করেন তেজগাঁও জোনের (ট্রাফিক) সহকারী কমিশনার আবদুল আউয়াল। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি প্রথম আলোকে বলেন, ‘বাংলামোটর মোড়ে আদালত বসানোয় সৈনিক ক্লাব পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। অথচ এই স্থানে আদালত বসানোর কথা বিআরটিএ কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে ১১টা বাজার ১০ মিনিট আগে।’
আবদুল আউয়াল আরও বলেন, বিজয় সরণিতে ১০ নভেম্বর ভ্রাম্যমাণ আদালত বসেন। সড়কটি বেশ প্রশস্ত থাকায় সেদিন তেমন যানজট হয়নি। বাংলামোটর মোড়ের মতো কোনো সড়কে এভাবে ভ্রাম্যমাণ আদালত বসালে যানজট তো হবেই।
বাংলামোটর মোড়ে অভিযানের কারণে কারওয়ান বাজার মোড় থেকে অনেক বাসকে ঘুরে যেতে দেখা যায়।
আজ বাংলামোটর ছাড়াও রাজধানীর ধানমন্ডি এবং গাজীপুর চৌরাস্তায় দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছেন।
ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে সারা দেশে গত সোমবার থেকে বিশেষ অভিযান শুরু হয়। গত দুই দিনে অভিযান-আতঙ্কে সড়কে যাত্রীবাহী পরিবহন কমে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল এক অনুষ্ঠানে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বলেন, যাত্রীদের কষ্টের জন্য তিনি দুঃখিত। তবে দীর্ঘ মেয়াদে সুবিধার জন্য এই কষ্ট স্বীকার করতে হবে। মন্ত্রী জানান, মানুষের দুর্ভোগ কমাতে বিআরটিসির ২০০ বাস মেরামত করে নামানো হয়েছে।