বিআরটিএর কর্মকর্তাদের ব্যক্তিগত কর্মীরা ছিনতাইকারী চক্রে জড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তাদের ব্যক্তিগত উদ্যোগে নেওয়া কর্মীরাই গাড়ি ছিনতাই চক্রের সঙ্গে জড়িত। রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছিনতাই হওয়া গাড়ির জাল কাগজপত্র তাঁরাই তৈরি করে দিচ্ছেন। গাড়ি চুরি ও ছিনতাইয়ের অভিযোগে ঢাকা ও কেরানীগঞ্জের বিভিন্ন স্থান থেকে ১০ জনকে গ্রেপ্তারের পর এ তথ্য পেয়েছে পুলিশ। এঁদের কাছ থেকে ছিনতাই করা ১৫টি মোটরসাইকেল ও দুটি গাড়ি উদ্ধার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তারা জানান, গত রোববার জ্যেষ্ঠ সহকারী কমিশনার মশিউর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় অভিযান চালিয়ে চোরাই ও ছিনতাই চক্রের সদস্য মোহাম্মদ আলী (৩৪), মিজানুর রহমান (৩০) ও আবদুল করিমকে (২২) গ্রেপ্তার করে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া একটি এলিয়ন গাড়ি উদ্ধার করা হয়। পুলিশ এরপর মোহাম্মদপুর থানা এলাকা থেকে মোটরসাইকেল ছিনতাই চক্রের নেতা নাহিদ হোসেন ওরফে দরবেশ নাহিদ (৩৫), তাঁর সহযোগী হূদয় (১৯) ও সাইফুল ইসলামকে (২১) গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর ও কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি ইয়ামাহা ফ্যাজার, পাঁচটি পালসার, তিনটি ডিসকভারি, একটি সিভিজেট, একটি আর-১৫সহ ১৫টি ও একটি টয়োটা করোলা গাড়ি উদ্ধার করে। এ ছাড়াও শাকিলুজ্জামান (২৮), রুমান (২৯), হাবিবুর রহমান (৪২) ও দালাল হান্টু (৩০) নামে আরও তিনজনকে পুলিশ গ্রেপ্তার করে। ডিবি কর্মকর্তারা জানান, গ্রেপ্তার হওয়া হাবিবুর রহমান, শাকিলুজ্জামান ও রুমান বিআরটিএ কর্মকর্তাদের ব্যক্তিগত উদ্যোগে নেওয়া কর্মী। এঁরা ‘গেটিজ’ নামে পরিচিত। ডিবি কর্মকর্তারা বলেন, জিজ্ঞাসাবাদে শাকিলুজ্জামান, রুমান ও হাবিবুর রহমান জানান, বিআরটিএর কর্মকর্তারা ব্যক্তিগত উদ্যোগে তাঁদের দিয়ে দাপ্তরিক কাজ করান। এ জন্য তাঁদের ১০০ টাকা করে দৈনিক মজুরি দেন। কর্মকর্তাদের সঙ্গে থাকার সুবাদে দপ্তরের সবকিছুই হাতে হাতে থাকে। এ সুযোগে তাঁরা গাড়ির নিবন্ধনপত্রের মূল কপি (রেজিস্ট্রেশন), ফিটনেস সনদ ফরম বাইরে আনেন। ওই ফাঁকা ফরমে ভুয়া তথ্য বসিয়ে জাল কাগজপত্র তৈরি করেন। সেই কাগজপত্র তাঁরা ছিনতাই চক্রের সদস্যদের কাছে বিক্রি করেন। কাগজপত্রে কর্মকর্তার নামের পাশে আবার তাঁরাই স্বাক্ষর করেন। তাঁরা জানান, পুলিশ এসব জাল কাগজপত্র সহজে চিনতে পারে না। ডিবি কর্মকর্তা আরও বলেন, ভুয়া নিবন্ধন ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেন তৈরির সঙ্গে জড়িত বিআরটিএর কয়েকজন কর্মকর্তাকে শনাক্ত করা হয়েছে। যেকোনো সময় তাঁদের গ্রেপ্তার করা হবে।