বিআরটিএর কাজ গভীরভাবে পর্যবেক্ষণ করছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দুর্নীতি প্রতিরোধ ও উত্তম চর্চার বিকাশে এফএম বেতারের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ছবি: দুদকের সৌজন্যে।
‘দুর্নীতি প্রতিরোধ ও উত্তম চর্চার বিকাশে এফএম বেতারের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ছবি: দুদকের সৌজন্যে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযান পরিচালনা করলেও তাদের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। তাদের কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এমনটাই বললেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

আজ সোমবার দুদক কার্যালয়ে ‘দুর্নীতি প্রতিরোধ ও উত্তম চর্চার বিকাশে এফএম বেতারের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দুদক চেয়ারম্যান।

সড়কে বিশৃঙ্খলা নিয়ে ইকবাল মাহমুদ বলেন, বিআরটিএর বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কমিশন সবচেয়ে বেশিসংখ্যক অভিযান পরিচালনা করেছে। বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মামলাও হয়েছে। গ্রেপ্তারও করা হয়েছে। তারপরও তাদের বিষয়ে অভিযোগের অন্ত নেই। কমিশন তাদের কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

কীভাবে উল্টো পথে গাড়ি চলে? প্রশ্ন রেখে দুদক চেয়ারম্যান বলেন, ‘এটা অবশ্যই থামাতে হবে। পদচারী-সেতু রয়েছে, অথচ আমরা কেউ ব্যবহার করব না, এটাও হতে পারে না।’ ‘আমরা যারা আইন প্রয়োগ করব, তারা সবার আগে আইন মানব, এটা জনসাধারণ দেখতে চায়’ বলে তিনি মন্তব্য করেন।

এর আগে এফএম বেতারের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সময় দুদক চেয়ারম্যান বলেন, দুদকের হটলাইনসহ (১০৬) বিভিন্ন মাধ্যমে হাজার হাজার অভিযোগ আসছে। এসব অভিযোগের অধিকাংশই কমিশন আইনের তফসিলবহির্ভূত হওয়ায় কমিশনের পক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে না। এতে অভিযোগকারীদের কাছে ভুল বার্তা যায় এবং তাঁরাও হতাশ হন। তাই কমিশনের আইনি ম্যান্ডেট প্রচারে এফএম বেতারের নির্বাহীদের সহযোগিতা চান দুদক চেয়ারম্যান।

সভায় এফএম বেতারের প্রতিনিধিরা রেটিং মান মূল্যায়ন প্রতিষ্ঠান এমআরবি গ্লোবালের গবেষণা পদ্ধতির বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ জানিয়ে দুদকের হস্তক্ষেপ চাইলে দুদক চেয়ারম্যান বলেন, রেডিও ও টেলিভিশনের মান নিয়ে কাজ করে এসব প্রতিষ্ঠানের কার্যপদ্ধতি কমিশন বিধিমতো খতিয়ে দেখতে পারে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রেডিও ভূমির শামস সুমন, পিপলস রেডিওর আবদুল আউয়াল, রেডিও টুডের মো. সোয়েবুল হক, এবিসি রেডিওর তালাত মাহমুদ প্রমুখ।