বিআরটিএর গাজীপুর কার্যালয় দুর্নীতির আখড়া: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশ সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) গাজীপুর কার্যালয়কে দুর্নীতির আখড়া বলে আখ্যা দিয়েছেন। দুর্নীতির অভিযোগে ও বিনা নোটিশে কার্যালয়ে অনুপস্থিত থাকায় এই কার্যালয়ের এক কর্মকর্তাকে প্রত্যাহার ও অন্যজনকে কারণ দর্শানোর নির্দেশ দেন মন্ত্রী।যোগাযোগমন্ত্রী গতকাল রোববার ঢাকা-ময়মনসিংহ সড়ক পরিদর্শনের পর আকস্মিকভাবে বিআরটিএর ওই কার্যালয় পরিদর্শন করেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মন্ত্রী গতকাল দুপুরের দিকে ওই কার্যালয়ে গিয়ে সহকারী পরিচালক এ কে এম মিজানুর রশিদ ও পরিদর্শক জিয়াউর রহমানকে পাননি। তাঁরা বিনা নোটিশেই ওই কার্যালয়ে অনুপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রী দুর্নীতির অভিযোগে মিজানুর রশিদকে প্রত্যাহার ও জিয়াউর রহমানকে কারণ দর্শানোর নির্দেশ দেন।মন্ত্রীর উপস্থিতির খবর পেয়ে মিজানুর রশিদ কার্যালয়ে এসে ক্ষমা চাইলে মন্ত্রী বলেন, ‘দুর্নীতিবাজদের কোনো ক্ষমা নেই।’যোগাযোগমন্ত্রী বিআরটিএর গাজীপুর কার্যালয়কে ‘দুর্নীতির আখড়া’ আখ্যা দিয়ে বলেন, যাঁরা সামর্থ্যবান, এই কার্যালয়ে তাঁরা গাড়ি না এনেই টাকা দিয়ে ফিটনেস সনদ নিয়ে যান। দালালদের সঙ্গে যোগসাজশ করে এটাকে দুর্নীতির আখড়া বানানো হয়েছে।